ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে কাতারের একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে। বিষয়টি আল জাজিরাকে নিশ্চিত করেছেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, দুই দেশের মধ্যে নিয়মিত আলোচনার অংশ হিসেবে এই সফর হচ্ছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কাতারের এই সফর কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
ওই কর্মকর্তা বলেন, “কূটনৈতিক সমাধানের পথে প্রধান বাধা মধ্যস্থতার অভাব নয়, বরং ইরানের বৈধ দাবিগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি এবং বারবার নিজেদের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসা।”
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে বারবার আহ্বান জানিয়ে আসছে কাতার। একই সঙ্গে দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা পুনরায় শুরুর উদ্যোগও নিয়েছে দেশটি।
তেহরানে কাতারি প্রতিনিধি দলের এই সফরের মধ্য দিয়ে সংকট নিরসনে কূটনৈতিক যোগাযোগ আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয় কি না, এখন সেটিই দেখার বিষয়।


