মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও বাড়তে যাচ্ছে। আগামী এক দিনের মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট ওই অঞ্চলে পৌঁছাবে। এতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর সংখ্যা দাঁড়াবে তিনে। বার্তাসংস্থা আনাদোলু বলছে, রবিবার (১৫ নভেম্বর) মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
এমন সময়েই এই রণতরী মোতায়েনের খবর এলো, যখন রবিবার দ্বিতীয়বারের মতো বাহরিনে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তিন দিনের মধ্যে এটি দেশটিতে দ্বিতীয় হামলার ঘটনা। এর মধ্য দিয়ে প্রায় দুই মাসের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে উপসাগরীয় অঞ্চলে। এর আগে শুক্রবার বাহরিনের দিকে আসা ইরানের দুটি ড্রোন আকাশেই প্রতিহত করে মার্কিন বাহিনী।
তবে থিওডোর রুজভেল্টের মোতায়েনের সময়সূচি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পেন্টাগন কিংবা মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি কূটনৈতিক অচলাবস্থাও অব্যাহত রয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার মধ্য দিয়ে শুরু হওয়া ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে ওয়াশিংটন।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি আলোচনার দায়িত্ব থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, তেহরানের সঙ্গে আর কোনো চুক্তির প্রয়োজন নেই ওয়াশিংটনের।
তবে রণতরী মোতায়েনের খবরের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নেওয়ার খবর অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী। ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদনে আঞ্চলিক সামরিক অবস্থান পরিবর্তনের যে দাবি করা হয়েছিল, তাকে ‘পুরোপুরি অনুমাননির্ভর’ বলে মন্তব্য করেছে তারা।


