...|...|...

বিশ্ব

ইরান না পারলে মধ্যপ্রাচ্যে কেউই তেল বিক্রি করতে পারবে না

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৫৫
Shares
ইরান না পারলে মধ্যপ্রাচ্যে কেউই তেল বিক্রি করতে পারবে না

মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

ইরানের নিরাপত্তা বিঘ্নিত করা হলে কিংবা দেশটিকে জ্বালানি রপ্তানি থেকে বঞ্চিত করা হলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও তেল বিক্রি করতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

পার্লামেন্ট অধিবেশনের আগে আয়োজিত এক ওয়েবিনারে দেওয়া তার এই বক্তব্যের কথা আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিশ্চিত করেছে বিবিসি।

প্রতিবেদনে জানানো হয়, গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন—ইরানের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের কোনো দেশের অবকাঠামোই নিরাপদ থাকবে না। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা চাপ প্রসঙ্গে তিনি বলেন, অবরোধ বা হুমকিতে ইরানি জনগণকে দমানো যাবে না।

মার্কিন শত্রুরা এই মৌলিক সত্য বুঝতে না পারলে তাদের কড়া মাশুল গুনতে হবে এবং ইরানি জাতির পক্ষ থেকে বারবার কঠোর আঘাতের মুখোমুখি হতে হবে।

এদিকে মার্কিন বা আন্তর্জাতিক চাপ রুখে দিতে কঠোর অবস্থান স্পষ্ট করেছে তেহরানের শীর্ষ নেতৃত্ব।

এর আগে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজিও হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, অতীতের ৪০ দিনের যুদ্ধের চেয়েও বড় কিংবা যেকোনো ভয়াবহ যুদ্ধে শত্রুপক্ষকে দাঁতভাঙা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ইরান।