ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার কিংবা মার্কিন স্থলসেনা পাঠানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল ‘নিউজম্যাক্স’–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও উল্লেখ করেন, বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে রাশিয়া ও চীনের সঙ্গে ত্রিপক্ষীয় নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন।
তবে অন্যদিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নতুন করে জোরদার হলে দেশটির সুরক্ষিত জ্বালানি অবকাঠামো ও ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার জন্য নিজেদের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা ব্যবহারের পরিকল্পনা করছে পেন্টাগন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি) বোমা—যা সামরিক মহলে ‘মাদার অব অল বোম্বস’ নামে পরিচিত—তা ব্যবহারের সম্ভাবনা নিয়ে সমীক্ষা চালাচ্ছ। সংঘাত দীর্ঘ মেয়াদে অচলাবস্থায় রূপ নেওয়ায় ইরানকে কাবু করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রথাগত অতি-বিধ্বংসী বোমা ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন।
প্রতিনিধি পরিষদের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে অজনপ্রিয় এই ইরানি যুদ্ধ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও নিত্যপণ্যের আকাশচুম্বী দামের কারণে ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান দল বড় ধরনের রাজনৈতিক চাপে রয়েছে। জনমত জরিপে জনপ্রিয়তা ধরে রাখতেই যুক্তরাষ্ট্র যুদ্ধের কৌশলে এই পরিবর্তনের রূপরেখা কষছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকেরা।

