ইউরোপে মার্কিন ঘাঁটিতে ইরানের সম্ভাব্য হামলার হুমকির পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে গ্রিস। দেশটির একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি কার্পাথোস দ্বীপ থেকে ক্রিটের সৌদা নৌঘাঁটিতে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছে গ্রিক সংবাদমাধ্যম।
গ্রিক দৈনিক ক্যাথিমেরিনি জানিয়েছে, ইউরোপের মাটিতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলার হুমকির প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ গত সপ্তাহ থেকেই সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি হুমকির মাত্রা মূল্যায়ন এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, প্যাট্রিয়ট ব্যাটারিটি সরঞ্জাম ও সদস্যদের নিয়ে ভোরে কার্পাথোস থেকে রওনা হয়েছে এবং কয়েক ঘণ্টার মধ্যেই সৌদা এলাকায় কার্যক্রম শুরু করার কথা রয়েছে।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় এথেন্সের ফ্লাইট ইনফরমেশন অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলো সুরক্ষার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই মার্চ মাসে ব্যাটারিটি কার্পাথোসে মোতায়েন করা হয়েছিল।
ক্যাথিমেরিনি জানায়, ইরানের অবশিষ্ট ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে গ্রিস উদ্বিগ্ন। মিত্রদের মূল্যায়ন অনুযায়ী, ইরানের হাতে এখনও এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ২ হাজার কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম।
এদিকে, সৌদি আরবের ইয়ানবুতে ২০২১ সাল থেকে মোতায়েন থাকা গ্রিক প্যাট্রিয়ট ইউনিটের ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। ইউনিটটির মেয়াদ বাড়ানো হবে নাকি দেশে ফিরিয়ে আনা হবে, তা বিবেচনা করছে গ্রিস। তবে দ্রুত দেশে ফেরার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে ক্যাথিমেরিনি।
ইরানের হামলা থেকে পশ্চিম সৌদির জ্বালানি স্থাপনা রক্ষায় এই ইউনিটটি এর আগে ইরান ও ইয়েমেনের হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে ভূমিকা রেখেছে।
তথ্যসূত্র:আল-জাজিরা


