...|...|...

বিশ্ব

ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা- তারা কারা, কেন টার্গেট?

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, সকাল ৬:০৭ | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, রাত ৩:৪১
Shares
ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা- তারা কারা, কেন টার্গেট?

ইরানের হিট লিস্টে থাকা বিশ্বনেতারা। ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এক বিস্ফোরক ‘টার্গেট’ বা লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ করেছে দেশটির একটি প্রভাবশালী গণমাধ্যম। এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইউরোপ ও আমেরিকার শীর্ষস্থানীয় ১৩ জন নেতার ছবি ও নাম প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

তেহরানের শাসনব্যবস্থার অত্যন্ত ঘনিষ্ঠ এবং রক্ষণশীল হিসেবে পরিচিত ‘হামশাহরি’ নামের গণমাধ্যমটির অনলাইন সংস্করণে গত ১১ জুলাই গভীর রাতে এই তালিকা প্রকাশ করে। এর ঠিক আগেই ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, ‘প্রতিশোধ আমাদের গোটা জাতির ইচ্ছা এবং এটি অবশ্যই বাস্তবায়ন করা হবে। তালিকায় নাম থাকা এই অপরাধীরা বিছানায় শান্তিতে মৃত্যুবরণ করার ইচ্ছা মনে নিয়ে, অপূরণীয় আতঙ্ক বুকে চেপেই কবরে যাবে।’

মোজতবা খামেনি তার বিবৃতিতে ‘তালিকা’ শব্দটি মুখে উচ্চারণ করলেও নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি।

তবে তার এই বিবৃতির পরপরই হামশাহরি পত্রিকাটির অনলাইন সংস্করণে একটি বিশেষ ইনফোগ্রাফিক প্রকাশ করা হয়, যেখানে ১৩ জন বিদেশি নেতার ছবি প্রদর্শন করা হয়েছে। যদিও এই তালিকাটি ইরানের শীর্ষ নীতি-নির্ধারকদের দ্বারা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত কি না তা স্পষ্ট করা হয়নি, তবে তেহরানের সরকারি মহলে এই গণমাধ্যমের ব্যাপক প্রভাব রয়েছে।

ইরানের হিট লিস্টের এই তালিকায় রয়েছেন- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মান চ্যান্সেলর ফ্রেদিখ মার্জ।

এতে আরও আছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াহির জামির, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি দেশটির নতুন সর্বোচ্চ নেতার দায়িত্বভার গ্রহণ করেই এই কঠোর প্রতিশোদ নেওয়ার ঘোষণা দিলেন।