...|...|...

বিশ্ব

ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৯
Shares
ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি চাপে পড়ার মধ্যেই দেশটির ভূগর্ভস্থ সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৭ নভেম্বর) তিনি বলেন, ইরানে নতুন করে সামরিক হামলা চালানো হলে ওই স্থাপনাই হবে অন্যতম লক্ষ্য। তবে এখনই হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়ে তেহরানকে অবস্থান পরিবর্তনের আরেকটি সুযোগ দেওয়ার কথা বলেছেন তিনি।

সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়ার চেষ্টা করছি।’ ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

‘পিকঅ্যাক্স মাউন্টেন’ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমরা যদি কিছু করি, তাহলে অবশ্যই পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা চালাব। তবে সেখানে এখনো উল্লেখযোগ্য কোনো তৎপরতা আমরা দেখিনি।’

শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলার বিষয়টিও নিশ্চিত করেন তিনি; যদিও সম্ভাব্য হামলার বিষয়ে তাদের আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি। ইরান নিয়ে গত কয়েক মাসে ট্রাম্পের বক্তব্যে পরস্পরবিরোধী অবস্থান দেখা গেছে। কখনো নতুন করে সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন, আবার কখনো তেহরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা নিয়ে আশাবাদী সুর শোনা গেছে তার কণ্ঠে।

গত সেপ্টেম্বরের শুরুতে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা চালাতে পারে যদিও এখন পর্যন্ত তেমন কোনো হামলা হয়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চুক্তির সম্ভাবনার কথা বলেছেন ট্রাম্প, তবে এখনো কোনো সমঝোতা হয়নি।

গত সেপ্টেম্বরে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, চলতি ২০২৬ সালে পিকঅ্যাক্স মাউন্টেনে নির্মাণকাজের গতি বাড়িয়েছে ইরান। ধারণা করা হয়, ভূগর্ভে অবস্থিত এই স্থাপনা এমনভাবে তৈরি করা হচ্ছে, যা শক্তিশালী বাংকারবিধ্বংসী বোমার আঘাতও ঠেকাতে সক্ষম। এ কারণে স্থাপনাটি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে উদ্বেগ রয়েছে।

এদিকে ইরানে সম্ভাব্য নতুন সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের অপেক্ষা করা হবে, নাকি ইসরায়েল এককভাবে হামলা চালাবে তা নিয়ে ইসরায়েলের নিরাপত্তা মহলে মতপার্থক্য তৈরি হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের সামরিক প্রতিবেদক ইয়োসি ইয়েহোশুয়ার বরাতে জানা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান তুলনামূলক কঠোর অবস্থান নিয়েছেন। গোপনে রাসায়নিক অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাওয়ার উদ্বেগ থেকে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলার পক্ষে মত দিয়েছেন তিনি।

অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে অভিযান চালানোর পক্ষে। তার মতে, যৌথ সামরিক অভিযান হলে দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য অর্জনের সম্ভাবনা বাড়ে। ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, দেশের অস্তিত্বের জন্য আসন্ন কোনো হুমকি দেখা দিলে ইসরায়েল এককভাবেও পদক্ষেপ নিতে পারে; তবে তাঁর ভাষায়, ‘এই মুহূর্তে পরিস্থিতি তেমন নয়।’