যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বোমা হামলার হুমকির কড়া জবাব দিয়ে ইরানি সেনাবাহিনীর এক শীর্ষ কমান্ডার বলেছেন, ‘ইরানি জাতি হলো সব বোমার বাবা-মা।’ শত্রুর যেকোনো অন্যায্য দাবির শক্ত জবাব দিতে দেশের মানুষ পুরোপুরি প্রস্তুত রয়েছে উল্লেখ করে মার্কিন হুমকিকে পাত্তাই দিচ্ছেন না তারা।
সোমবার (২৬ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের নতুন করে যুদ্ধ শুরুর হুমকির তীব্র সমালোচনা করে ইরানের সেনাবাহিনীর নির্বাহী বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা শেখ বলেন, এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এমন একটি জাতির বিরুদ্ধে শত্রু কখনোই তার লক্ষ্য অর্জন করতে সফল হবে না, কারণ বোমার আঘাতে কোনো প্রাচীন সভ্যতাকে কখনও ধ্বংস করা যায় না।
তিনি আরও বলেন, আমাদের কাছে যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো যেকোনো হুমকির জবাব দিতে সেনাবাহিনী এবং অন্যান্য সশস্ত্র বাহিনীর পূর্ণ প্রস্তুত থাকা। আজ আমাদের সেনাবাহিনী যেকোনো হুমকি মোকাবিলায় আঙুল ট্রিগারে রেখেই সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর উপ-সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদিও যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক ভুল হিসাব বা দুঃসাহস দেখানোর বিষয়ে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, ওয়াশিংটনের ‘মাদার অব অল বোম্বস’ বা সব বোমার মায়ের জবাবে তেহরান ‘ফাদার অব বোম্বস’ বা বোমার বাবাকে সামনে নিয়ে আসবে।


