ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তেহরানের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) স্থলবাহিনীর পরিচালিত ড্রোন অভিযানের অংশ হিসেবে গত রাতে বালিসান অঞ্চলে এই হামলা চালানো হয়। এতে ‘কোমালা’ নামে একটি কুর্দি গোষ্ঠীর সদর দপ্তর লক্ষ্যবস্তু করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। মেহর গোষ্ঠীটিকে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী হিসেবে বর্ণনা করেছে।
অভিযোগ রয়েছে, ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে বেশ কয়েকটি ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীর ক্যাম্প ও ঘাঁটি রয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে এসব ঘাঁটিতে বারবার হামলা চালিয়ে আসছে ইরান।


