সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখবেন, খুঁজে বের করবেন কোন ভিডিও ভাইরাল হচ্ছে, আর সামাজিক যোগাযোগমাধ্যমে কোন বিষয় নিয়ে আলোচনা চলছে। এসব কাজের জন্যই কর্মী নিয়োগ দিচ্ছে ভারতের রাজস্থানের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ইনফ্লুইশ। ব্যতিক্রমী এ চাকরির পদের নাম দেওয়া হয়েছে ‘ডুমস্ক্রলার’ (Doomscroller)।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দীপাবলি উপলক্ষে প্রতিষ্ঠানটি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদের জন্য এমন একজন কর্মী খোঁজা হচ্ছে, যিনি দিনের বড় একটি সময় ইনস্টাগ্রাম রিলস দেখবেন এবং প্ল্যাটফর্মে আলোচিত বিষয় ও ভাইরাল কনটেন্টের খোঁজ রাখবেন।
প্রতিষ্ঠানটির কর্মীদের প্রকাশ করা একটি ভিডিওতে নিয়োগের বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, যারা ইনস্টাগ্রাম ব্যবহার করতে ভালোবাসেন, তাদের সেই অভ্যাস থেকেই আয়ের সুযোগ দিতে চায় প্রতিষ্ঠানটি। নির্বাচিত ব্যক্তিকে সারাক্ষণ রিলস স্ক্রল করে কী ভাইরাল হচ্ছে, তা খুঁজে বের করতে হবে এবং সেসব তথ্য অন্যদের জানাতে হবে।
আগ্রহীদের ভিডিওটির মন্তব্যের ঘরে ‘হাই’ (Hi) লিখতে বলা হয়েছে। উদয়পুরে অবস্থানরত প্রার্থীদের সরাসরি বার্তার (ডিএম) মাধ্যমে আবেদন করার লিংক পাঠানো হবে।
এ ছাড়া ইনস্টাগ্রামে ‘গ্যাংস অব স্টার্টআপ’ (gangsofstartup) নামের অ্যাকাউন্টের বায়োতে দেওয়া গুগল ফরম পূরণ করেও আবেদন করা যাবে। আবেদনপত্রে নাম, ফোন নম্বর ও ঠিকানা দেওয়ার পাশাপাশি পূর্ণকালীন চাকরি নাকি ইন্টার্নশিপে আগ্রহী, তা উল্লেখ করতে হবে। এ ছাড়া পছন্দের পদ, বর্তমান ও প্রত্যাশিত বেতনের তথ্য দিতে হবে। আবেদন জমা দেওয়ার সময় জীবনবৃত্তান্তও (সিভি) আপলোড করতে হবে। যোগ্য প্রার্থীদের সঙ্গে পরে যোগাযোগ করবে প্রতিষ্ঠানটি।
গত ৪ নভেম্বর ইনস্টাগ্রামে নিয়োগের ভিডিওটি প্রকাশ করা হয়। অল্প সময়ের মধ্যেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এনডিটিভির ৫ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি তখন পর্যন্ত তিন লাখের বেশি বার দেখা হয়েছিল। পাশাপাশি ১১ হাজারের বেশি মানুষ আবেদন ফরম চেয়েছেন বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি।
অভিনব এই চাকরির খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। অনেকে কাজটিকে ‘স্বপ্নের চাকরি’ বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ জানিয়েছেন, এমন সুযোগের অপেক্ষাতেই ছিলেন তারা।


