...|...|...

খেলা

ইনফান্তিনোকে প্রশ্নের জবাব দিতে আলটিমেটাম দিল উয়েফা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, দুপুর ১২:২৭ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩০
Shares
ইনফান্তিনোকে প্রশ্নের জবাব দিতে আলটিমেটাম দিল উয়েফা

জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব ও সংস্থাটির সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে জবাবদিহি চেয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা  উয়েফা। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনাসহ নানা বিষয়ে ৫০টির বেশি প্রশ্নের বিস্তারিত উত্তর ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে ফিফাকে দুই সপ্তাহের সময় বেঁধে দিয়েছে তারা।

সোমবার (১৯ অক্টোবর) ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রোমকে চিঠি পাঠান  উয়েফার সাধারণ সম্পাদক থিওডোর থিওডোরিডিস। আট পৃষ্ঠার ওই নথিতে গত ১২ মাসে ফিফার নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রম নিয়ে ৫০টির বেশি প্রশ্ন রয়েছে। আগামী ২ নভেম্বরের মধ্যে প্রতিটি প্রশ্নের বিস্তারিত লিখিত জবাব এবং সংশ্লিষ্ট নথিপত্র চেয়েছে  উয়েফা।

চিঠিতে ফিফার বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ বিক্রির প্রস্তাব, যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগানের লাল কার্ড প্রত্যাহার, শান্তি পুরস্কার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফিফার সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আগামী বছর ফিফা সভাপতি নির্বাচন নিয়েও ব্যাখ্যা চেয়েছে ইউরোপীয় সংস্থাটি।

ফিফার কার্যক্রমে স্বার্থের সংঘাতের সম্ভাবনা নিয়েও উদ্বেগ জানিয়েছে  উয়েফা। পাশাপাশি সংস্থাটির পরিচালনব্যবস্থা পর্যালোচনার জন্য সত্যিকার অর্থে স্বাধীন উদ্যোগ নেওয়ার দাবি আবারও তুলে ধরেছে তারা।

গত সপ্তাহে সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের বৈঠকের পর  উয়েফার এই পদক্ষেপ সামনে এল। জুলাইয়ে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্প নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর সেটিই ছিল কাউন্সিলের প্রথম বৈঠক। সেখানে ইনফান্তিনো বিভিন্ন প্রশ্ন শুনলেও বিস্তারিত উত্তর দেননি। বরং আগামী ১৬ ডিসেম্বর দোহায় অনুষ্ঠেয় পরবর্তী বৈঠকের আগে লিখিতভাবে প্রশ্ন জমা দিতে কাউন্সিলের সদস্যদের নির্দেশনা দেন।

থিওডোরিডিস তার চিঠিতে উল্লেখ করেন, কাউন্সিল সদস্যদের উত্থাপিত বেশ কিছু মৌলিক প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও নথিপত্রও সরবরাহ করা হয়নি।

উয়েফার সাধারণ সম্পাদক আরও জানিয়েছেন, প্রতিটি প্রশ্নের পূর্ণাঙ্গ লিখিত উত্তর ও সংশ্লিষ্ট নথি দিতে হবে। কোনো তথ্য বা নথি প্রকাশ করা সম্ভব না হলে তার সুনির্দিষ্ট কারণও আলাদাভাবে ব্যাখ্যা করতে হবে।  উয়েফার অবস্থান, এসব প্রশ্নের উত্তর এখনই প্রয়োজন ফিফা কাউন্সিলের পরবর্তী বৈঠক পর্যন্ত অপেক্ষা করা উচিত হবে না।

এ ছাড়া গত এক বছরে ফিফার নেওয়া আরও কয়েকটি সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়েছে  উয়েফা। এর মধ্যে রয়েছে পুরুষদের বিশ্বকাপের ড্র লাস ভেগাস থেকে ওয়াশিংটন ডিসিতে সরিয়ে নেওয়া, ম্যাচ চলাকালে পানি পানের বিরতি চালু এবং বিশ্বকাপের ফাইনালে ২৭ মিনিটের বিরতি রাখার পরিকল্পনা। এসব সিদ্ধান্তের পেছনের কারণ ও প্রক্রিয়া নিয়েও বিস্তারিত জানতে চায় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।