ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ থেকে নিয়মিত ও বৈধ পথে কর্মী নিতে আগামী নভেম্বর মাসে ঢাকায় বিশেষ আয়োজন করতে যাচ্ছে ইতালি দূতাবাস। এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের ইতালিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চায় দেশটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো।
সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, এ কর্মসূচিতে আগ্রহীদের ইতালীয় ভাষা, দেশটির নাগরিক সংস্কৃতি ও সামাজিক রীতিনীতি সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবহারিক ও কারিগরি দক্ষতা শেখানো হবে। প্রশিক্ষণ শেষে তাদের ইতালিতে কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
ইতালির এ উদ্যোগকে স্বাগত জানান মাহদী আমিন। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানো এবং তরুণদের তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরি করা প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম অগ্রাধিকার। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাক্ষাৎকালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন ইতালির রাষ্ট্রদূত। দুই দেশের পারস্পরিক অংশীদারিত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনা মোকাবিলায় বিশ্বস্ত বন্ধু ও অংশীদার হিসেবে একসাথে কাজ করতে চায় ইতালি।
বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্কের বিষয়টিও গুরুত্ব পায়। বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি ইতালিতে স্থায়ীভাবে বসবাস করছেন। তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করা হয়।
এ ছাড়া অনিয়মিত পথে বিদেশযাত্রা নিরুৎসাহিত করে বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালির ভিসা পাওয়ার সুযোগ ও প্রক্রিয়া সহজ করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাতে ইতালির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ঢাকায় দেশটির দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেদেরিকো জাম্পারেলি।


