...|...|...

সারাদেশ

ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, দুপুর ২:৫৯
Shares
ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

গণঅনশন কর্মসূচি পালন করছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। ছবি: টাইমস টুডে

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার চুক্তি বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের চাকরির সুনির্দিষ্ট নিশ্চয়তাসহ মৌলিক দাবি পূরণের লক্ষ্যে গণঅনশন কর্মসূচি পালন করছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে চট্টগ্রাম বন্দরের ওয়ানস্টপ সার্ভিস ভবনের সামনে এই শান্তিপূর্ণ গণঅনশন শুরু হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৪টা পর্যন্ত এই অনশন চলার কথা রয়েছে।

গণঅনশন কর্মসূচিতে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকনসহ সর্বস্তরের শ্রমিক-কর্মচারীরা অংশ নেন।

এ সময় অনশনস্থল থেকে আন্দোলনকারী নেতাকর্মীরা 'আমার বন্দর আমার মা, বিদেশিদের দেব না', 'গো ব্যাক গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড' সহ চুক্তিবিরোধী নানা প্রতিবাদী স্লোগানে মুখরিত করে তোলেন।

আন্দোলন প্রসঙ্গে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবীর বলেন, গত ৮ অক্টোবর চুক্তি স্বাক্ষরের দিনই আমরা বিক্ষোভ মিছিল করে সরকারকে আলোচনার জন্য দুই দিনের সময় বেঁধে দিয়েছিলাম। কিন্তু সরকারের পক্ষ থেকে আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়ে আমরা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকের এই শান্তিপূর্ণ গণঅনশন পালন করছি।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর বিকেলে ঢাকার আগারগাঁওয়ের 'ইনভেস্ট বাংলাদেশ' মিলনায়তনে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রখ্যাত বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান 'ডিপি ওয়ার্ল্ড'-এর সাথে পরবর্তী ১৫ বছরের জন্য এনসিটি পরিচালনার কনসেশন চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এইচ ই ইসা কারিম এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তিতে স্বাক্ষর করেন। এই ইজারা চুক্তির প্রতিবাদেই বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ আন্দোলন চালিয়ে আসছে।