রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে জার্মানি কীভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে, তা স্পষ্ট না হলে ইউরোপ অজান্তেই পারমাণবিক সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছে ফ্রান্স। এ কারণে বার্লিনকে তার দূরপাল্লার হামলার নীতি পরিষ্কার করার আহ্বান জানিয়েছে প্যারিস।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির ‘ডিপ প্রিসিশন স্ট্রাইক’ বা দূরপাল্লার নির্ভুল হামলার সক্ষমতা ব্যবহারের নীতি ফ্রান্সের পারমাণবিক কৌশলের সাথে সমন্বয় করতে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।
ফ্রান্সের উদ্বেগ, প্রচলিত অস্ত্র দিয়ে রাশিয়ার কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করা হলেও মস্কো সেটিকে বৃহত্তর কৌশলগত হামলা হিসেবে বিবেচনা করতে পারে। এক ফরাসি কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, প্রচলিত অস্ত্র দিয়ে হামলা করেও পারমাণবিক পাল্টা আঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। তার মতে, রাশিয়া যদি সংকেত ভুলভাবে ব্যাখ্যা করে, তবে অজান্তেই পরিস্থিতি ‘পারমাণবিক সীমারেখা’ ছুঁয়ে ফেলতে পারে।
গত মার্চে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ইউরোপের অন্যান্য দেশকে সুরক্ষা দিতে ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধব্যবস্থার পরিধি বাড়ানোর বিষয়ে আলোচনার প্রস্তাব দেন। এরপর জার্মানিসহ কয়েকটি ইউরোপীয় দেশের সাথে এ নিয়ে আলোচনা শুরু হয়।
ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ফ্রান্স বিশেষভাবে জার্মানিকে নিয়ে চিন্তিত, কারণ দেশটি ৫০০ কিলোমিটার থেকে ২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার বিভিন্ন ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র সংগ্রহ ও উন্নয়ন করছে। এসব অস্ত্র রাশিয়ার গভীরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হতে পারে।
ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে প্রায় ৭৮০ বিলিয়ন ইউরো ব্যয়ের পরিকল্পনা করেছে জার্মানি। ইউরোপীয় প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের অংশ হিসেবেই এসব দূরপাল্লার অস্ত্র তৈরি ও সংগ্রহ করা হচ্ছে।
তবে ফ্রান্সের উদ্বেগ শুধু জার্মানির অস্ত্রভান্ডার নিয়ে নয়। ম্যাক্রোঁর প্রস্তাবিত ‘ফরোয়ার্ড ডিটারেন্স’ কৌশলের আওতায় কোনো মিত্রদেশ রাশিয়ায় হামলা চালালে মস্কো তার দায় ফ্রান্সের ওপরও চাপাতে পারে বলে আশঙ্কা করছে প্যারিস।
এক ঊর্ধ্বতন জার্মান কর্মকর্তা অবশ্য জানিয়েছেন, উত্তেজনা বৃদ্ধির বিভিন্ন ধাপ নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ‘যৌথ নীতি ও অভিন্ন বোঝাপড়া’ থাকা প্রয়োজন—এ বিষয়ে বার্লিন ও প্যারিস একমত। দূরপাল্লার হামলার সক্ষমতা গড়ে উঠলে সেগুলো কখন, কীভাবে এবং কোন পরিস্থিতিতে ব্যবহার করা হবে, তা শুরু থেকেই সমন্বিতভাবে নির্ধারণ করা জরুরি বলে মনে করছে জার্মানি।
ব্রিটেনও জার্মানির সাথে ২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার অস্ত্র তৈরিতে কাজ করছে এবং ফ্রান্সকে এই উদ্যোগে যুক্ত করার সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে। ব্রিটিশ কর্মকর্তারা বলেছেন, এসব অস্ত্রের মূল লক্ষ্য হবে শত্রুর কমান্ড সেন্টার, সরবরাহব্যবস্থা, গোলাবারুদের গুদাম ও অস্ত্র কারখানার মতো সামরিক স্থাপনা; সরকারি ভবন বা পারমাণবিক স্থাপনা নয়।
অন্যদিকে রাশিয়া বরাবরই দাবি করে আসছে, পশ্চিম ইউরোপের বিরুদ্ধে তাদের আগ্রাসী পরিকল্পনা নেই। তবে ন্যাটোর সাথে সরাসরি সংঘাত বা ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে মস্কো সতর্ক করেছে।
সব মিলিয়ে ফ্রান্স ও জার্মানির আলোচনার মূল লক্ষ্য হলো—দূরপাল্লার অস্ত্রের ব্যবহার নিয়ে এমন একটি অভিন্ন নীতি তৈরি করা, যাতে ভুল সংকেত বা ভুল বোঝাবুঝি থেকে পরিস্থিতি পারমাণবিক সংঘাতের দিকে না গড়ায়।


