ইউক্রেনের দুটি শহরে রাশিয়ার হামলায় ছয়জন নিহত হয়েছেন। রবিবারের (১১ অক্টোবর) এসব হামলায় আহত হয়েছেন আরও অনেকে। এর মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি মুদি দোকানে হামলায় তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এ তথ্য জানান। তিনি বলেন, আহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।
অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশে পড়ে রয়েছে পুড়ে যাওয়া যানবাহন। জরুরি সেবাকর্মীরা সেখানে উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছেন।
এদিকে, পশ্চিম ইউক্রেনের আরেকটি শহরে পৃথক হামলায় আরও তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে ওই হামলার স্থান ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


