বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে তার হাজিরা দেওয়ার কথা রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইংলিশ মেট্রোপলিটন পুলিশের দেওয়া তথ্যের বরাতে এসব জানা যায়।
পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ৩০ মার্চ লন্ডনের ব্রিক্সটনে এক নারী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগের তদন্তে গত বছরের ২৭ আগস্ট রবিনকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে তদন্ত শেষে চলতি বছরের ২৩ জুলাই এসেক্সের এই ক্রিকেটারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়। ঘটনার শিকার নারী বর্তমানে বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে রয়েছেন।
অভিযোগ দায়েরের পরই ২৪ বছর বয়সী রবিন দাসকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করে তার কাউন্টি দল এসেক্স। ক্লাবটি জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সাথে যোগাযোগ রাখছে এবং তার বরখাস্তের সিদ্ধান্ত বহাল রয়েছে।
রবিনের বাবা মৃদুল কান্তি দাসের বাড়ি সিলেটে। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলার অভিজ্ঞতা রয়েছে এই ব্যাটারের; ২০২৩ বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন তিনি।
২০২০ সালে এসেক্সের হয়ে অভিষেকের পর ক্লাবটির হয়ে ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন রবিন। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি সেঞ্চুরির পাশাপাশি টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালেও খেলেছিলেন তিনি।


