জেজে স্মিটের দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে নামিবিয়া। পাঁচ ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে আইরিশদের ৫ উইকেটে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
রবিবার (১ নভেম্বর) উইন্ডহকে পঞ্চম ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। নামিবিয়ার পেসারদের তোপে মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। জবাবে ১৭২ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে নামিবিয়া। এই জয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করল দলটি।
আয়ারল্যান্ডের ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি। নামিবিয়ার পেস আক্রমণে দুই ওপেনার টিম টেক্টর ও অ্যান্ডি বালবার্নি এক অঙ্কের রানেই সাজঘরে ফেরেন। এরপর কেড কারমাইকেল ও হ্যারি টেক্টর জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে ২৯ রানের সেই জুটি ভেঙে দেন জ্যাক ব্রাসেল।
এরপর আইরিশ ব্যাটিং লাইনআপে বড় ধস নামান জেজে স্মিট। ২৩তম ওভারের প্রথম বলে আয়ারল্যান্ড অধিনায়ক লরকান টাকারকে ফেরান তিনি। একই ওভারে কার্টিস ক্যাম্ফার ও জর্জ ডকরেলকেও শূন্য রানে ফিরিয়ে দেন এই পেসার। তাতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে আসে স্বাগতিকদের হাতে।
পরে গ্যাভিন হোয়েকে আউট করে নিজের চতুর্থ উইকেট পূর্ণ করেন স্মিট। শেষ ব্যাটার জয় মুন্দ্রাকে ফিরিয়ে আয়ারল্যান্ডের ইনিংসের ইতি টানেন ব্রাসেল। ২১ রান খরচায় ৪ উইকেট নিয়ে নামিবিয়ার সেরা বোলার স্মিট। ব্রাসেল ২৮ রানে নেন ৩ উইকেট।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে নামিবিয়া। দুই ওপেনারের উদ্বোধনী জুটিতে আসে ৪০ রান। লোরেন স্টিনক্যাম্প ৪৪ বলে ৪৬ রান করে দলকে জয়ের পথে এগিয়ে নেন। অধিনায়ক জেরার্ড এরাসমাসও ১৮ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন।
শেষ পর্যন্ত ২২তম ওভারে জেন গ্রিনের ছক্কায় জয় নিশ্চিত হয় নামিবিয়ার। হাতে তখনও বাকি ছিল ১৭২ বল।
আইসিসির সহযোগী দেশগুলোর বিপক্ষে আয়ারল্যান্ডের এটি দ্বিতীয় ওয়ানডে সিরিজ হার। এর আগে ২০২১ সালে নেদারল্যান্ডসের কাছে সিরিজ হেরেছিল আইরিশরা।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক নামিবিয়ার জন্য এটি ছিল মাত্র দ্বিতীয় দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। এর আগে গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল তারা। চলতি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে প্রথম জয় তুলে নেয় নামিবিয়া। এবার শেষ ম্যাচ জিতে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বাদও পেল আফ্রিকার দলটি।



