...|...|...

খেলা

তদন্ত প্রতিবেদনের ফল

আসিফ নজরুলের একক সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৫২ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৪৪
Shares
আসিফ নজরুলের একক সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

নিরাপত্তা শঙ্কার কারণে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলকে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার অনুমতি দেয়নি তৎকালীন অন্তর্বর্তী সরকার। তবে দীর্ঘ তদন্ত শেষে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে, টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্তটি তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এককভাবে নিয়েছিলেন।

ভারতে বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ কলকাতায় ও একটি মুম্বাইয়ে হওয়ার কথা ছিল। নিরাপত্তা উদ্বেগে বিসিবি ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। পরবর্তীতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক ঘটনার অনুসন্ধানে কমিটি গঠনের নির্দেশ দেন। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ২২ পৃষ্ঠার এই প্রতিবেদন প্রকাশ করেছে তিন সদস্যের তদন্ত কমিটি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিদ্ধান্তটি কোনো সম্মিলিত আলোচনার ভিত্তিতে নেওয়া হয়নি। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল অন্যদের মতামত না নিয়ে এককভাবে সিদ্ধান্তটি চাপিয়ে দেন এবং ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে তা জানিয়ে দেন। এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, ‘যে একক ব্যক্তির কথা বলা হচ্ছে, তিনি তৎকালীন ক্রীড়া দায়িত্বে থাকা ড. আসিফ নজরুল।’

প্রতিবেদনে আসিফ নজরুলের বক্তব্যে বৈপরীত্যের বিষয়টিও তুলে ধরা হয়। গত ২২ জানুয়ারি তিনি জানান, নিরাপত্তা ঝুঁকিতে সরকারই দল পাঠাচ্ছে না। অথচ তিন সপ্তাহ পর ১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, সিদ্ধান্তটি বিসিবি ও ক্রিকেটারদের। এভাবে তিনি নিজের সিদ্ধান্ত বিসিবি ও খেলোয়াড়দের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কমিটি মনে করে, খেলোয়াড়দের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতে এমন সিদ্ধান্তের ক্ষেত্রে সুস্পষ্ট প্রশাসনিক কাঠামো ও কার্যকর কূটনৈতিক সমন্বয় নিশ্চিত করা জরুরি, যাতে প্রশাসনিক সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্যারিয়ার ও দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত না হয়।