...|...|...

ঢাকা

আশুলিয়ায় কর্মমুখর পরিবেশে ফিরেছেন পোশাক শ্রমিকরা

আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৪ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৯
Shares
আশুলিয়ায় কর্মমুখর পরিবেশে ফিরেছেন পোশাক শ্রমিকরা

ছবি: টাইমস টুডে

শিল্পাঞ্চল আশুলিয়ায় টানা ২৬ দিন উত্তেজনা ও আন্দোলনের পর আবারও কর্মচঞ্চল পরিবেশে ফিরেছে আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো। মজুরি বৃদ্ধির দাবিতে দীর্ঘ  আন্দোলনের পর সাপ্তাহিক ও সাধারণ ছুটি শেষে সকাল থেকেই অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রমে যোগ দিতে কারখানায় প্রবেশ করেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার  (২৫ নভেম্বর) সকালে আশুলিয়া বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। কারখানার ভেতরে মেশিন সচল রয়েছে । সেই সাথে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।

গত ২৯ অক্টোবর থেকে শুরু হওয়ার মজুরি বৃদ্ধির আন্দোলন গত ২৫ নভেম্বর মজুরি বোর্ডের মাধ্যমে বেতন বৃদ্ধির ঘোষণা আসার পর পরই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে শুরু করে শিল্পাঞ্চল আশুলিয়া।

পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।

এদিকে শিল্প এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলেও আশুলিয়ার কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ থাকার খবর পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালনকরছে, ডং লিয়ান ফ্যাশন (বিডি) লিঃ,  ম্যাংগো টেক্স, কমফিট কম্পোজিট নেট লিমিটেড (ইউনিট-০২), গ্রিন লাইফ নীট কম্পোজিট লিঃ, ম্যাক্সিমি এক্সকপো এ্যাপারেলস লিঃ, দি রোজর ড্রেসেস লিঃ (ইসলাম গ্রুপ), কাজীপুর ফ্যাশন লিঃ (স্ট্যান্ডার্ড গ্রুপ)। সাধারণ ছুটি রয়েছে ২২ কারখানা এবং ১৩/১ ধারায় বন্ধ রয়েছে ২১ টি কারখানা।

আশুলিয়ার শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শিল্প পুলিশ -১ এর পুলিশ সুপার মোহাম্মদ মুমিনুল ইসলাম ভূইয়া বলেন,  শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক।

শ্রমিকরা সরকারের নির্দেশনা ও পুলিশের সাথে আলোচনা মেনে শান্তিশৃঙ্খলা বজায় রেখে কাজে ফিরেছেন। শত শত কারখানার মধ্যে হাতে গোনা দু-একটি কারখানা বন্ধ বা কর্মবিরতি থাকতে পারে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে।