...|...|...

খেলা

আর্জেন্টিনা ম্যাচে রেফারির সমালোচনা, মিসর কোচ ও জিকোকে নিষিদ্ধ করল ফিফা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, সকাল ১০:২০ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬, সকাল ১০:১৫
Shares
আর্জেন্টিনা ম্যাচে রেফারির সমালোচনা, মিসর কোচ ও জিকোকে নিষিদ্ধ করল ফিফা

ছবি: সংগৃহীত

মিসরের জাতীয় দলের কোচ হোসাম হাসানকে তিন ম্যাচ এবং ফরোয়ার্ড মোস্তাফা জিকোকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। রেফারির সমালোচনা ও অপমান করার অভিযোগে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে। একই ঘটনায় মিসর দলের পরিচালক ও হোসামের যমজ ভাই ইব্রাহিম হাসানকেও তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) জানায়, বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছিলেন হোসাম ও জিকো। ৬০ বছর বয়সী হোসাম শেষ ষোলো থেকে মিসরের বিদায়ের জন্য রেফারিংয়ের ভুলকে দায়ী করেন। অন্যদিকে, ম্যাচ শেষে সাক্ষাৎকারে রেফারিকে ‘জালিম’ বলে অপমান করেন জিকো।

ইএফএ এক বিবৃতিতে জানায়, ‘সিদ্ধান্তগুলোর মধ্যে আছে হোসাম হাসান ও ইব্রাহিম হাসানের তিন ম্যাচ করে নিষেধাজ্ঞা। আর জিকোর নিষেধাজ্ঞা পাঁচ ম্যাচের।’

ফিফার শাস্তির বিস্তারিত কারণ জানতে সংস্থাটির শৃঙ্খলা কমিটির কাছে আবেদন করেছে ইএফএ। পাশাপাশি আইনি বিকল্পগুলো পর্যালোচনা করছে তারা। নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করা হবে কি না, সে সিদ্ধান্তও পরে নেওয়া হবে বলে জানিয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন।

ম্যাচে জিকোর একটি গোল বাতিল করা হয়েছিল। গোলের আগের আক্রমণে ফাউল হওয়ায় রেফারি গোলটি বাতিল করেন। ম্যাচের শেষ দিকে স্কোর ২-২ থাকা অবস্থায় পেনাল্টির আবেদনও করেছিলেন মিসরের খেলোয়াড়েরা।

তবে ফিফার রেফারি প্রধান পিয়েরলুইজি কলিনা ম্যাচের রেফারিংয়ের পক্ষে অবস্থান নিয়েছেন। তার মতে, রেফারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তাদের পাশাপাশি পরিবারের সদস্যদেরও হুমকির মুখে ফেলতে পারে।

নিষেধাজ্ঞার কারণে আগামী নভেম্বরে মালাউইর বিপক্ষে মিসরের আসন্ন ম্যাচগুলোতে থাকতে পারবেন না হোসাম ও ইব্রাহিম হাসান। ম্যাচগুলো আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বের পরবর্তী রাউন্ডের অংশ। মার্চের আন্তর্জাতিক বিরতির প্রথম ম্যাচেও তাদের অনুপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞায় জিকো আগামী জুন পর্যন্ত মাঠের বাইরে থাকবেন।