...|...|...

খেলা

আর্জেন্টিনার পরিকল্পনায় ধাক্কা, মলিনাকে আটকে দিল রোমা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৪
Shares
আর্জেন্টিনার পরিকল্পনায় ধাক্কা, মলিনাকে আটকে দিল রোমা

নাউয়েল মলিনা। ছবি: সংগৃহীত

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না নাউয়েল মলিনাকে। ফিফার নিষেধাজ্ঞা কমে আসায় একটি ম্যাচ খেলার সুযোগ তৈরি হলেও তাকে জাতীয় দলের সাথে যোগ দেওয়ার অনুমতি দেয়নি ক্লাব রোমা। শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সময়ে নিজেদের এই ডিফেন্ডারকে ছাড়তে রাজি নয় ইতালিয়ান ক্লাবটি।

ফুটবল ইতালিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে রোমা। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর আগে বুধবার রোমার অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে মলিনার।

২০২৬ বিশ্বকাপের ফাইনাল শেষে সহিংস আচরণের অভিযোগে মলিনাকে সাত ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। পাশাপাশি ৭৭ হাজার ডলার জরিমানাও করা হয় তাকে। একই ঘটনায় আর্জেন্টিনার আরেক ফুটবলার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানা করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

তবে সম্প্রতি মলিনার নিষেধাজ্ঞা সাত ম্যাচ থেকে কমিয়ে চার ম্যাচে নামিয়ে আনে ফিফা। এরই মধ্যে গত অক্টোবরে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচে খেলতে পারেননি এই ডিফেন্ডার। ফলে সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী তার আর একটি ম্যাচের নিষেধাজ্ঞা বাকি রয়েছে।

নভেম্বরের বিরতিতে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ উরুগুয়ে। নিষেধাজ্ঞার কারণে ওই ম্যাচে মাঠে নামতে পারবেন না মলিনা। তবে পরবর্তী ম্যাচে কোস্টারিকার বিপক্ষে খেলার সুযোগ ছিল তার। কিন্তু দীর্ঘ ভ্রমণের ধকল এড়ানোর পাশাপাশি ক্লাবের স্বার্থ বিবেচনায় তাকে ইতালিতে রাখার সিদ্ধান্ত নিয়েছে রোমা।

চলতি মৌসুমে রোমার হয়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মলিনা। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলেছেন তিনি। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করিয়েছেন এই ডিফেন্ডার।

সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রোমা। শীর্ষে থাকা লাজিওর সাথে তাদের ব্যবধান মাত্র দুই পয়েন্ট। শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সময়ে দলের নিয়মিত খেলোয়াড়কে হারাতে চায় না ক্লাবটি। সে কারণেই আর্জেন্টিনার অনুরোধে সাড়া না দিয়ে মলিনাকে নিজেদের কাছেই রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।