...|...|...

খেলা

আর্জেন্টিনার নতুন অধিনায়ককে নিয়ে যা বললেন ডি মারিয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৫০
Shares
আর্জেন্টিনার নতুন অধিনায়ককে নিয়ে যা বললেন ডি মারিয়া

আনহেল ডি মারিয়া। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আর্জেন্টিনা দলে নতুন নেতৃত্বের পালা শুরু হতে যাচ্ছে। মেসি ও নিকোলাস ওতামেন্দির পর আলবিসেলেস্তাদের পরবর্তী অধিনায়ক হিসেবে ক্রিশ্চিয়ান রোমেরোর নাম সামনে এসেছে। কোপা আমেরিকা জয়ী এই ডিফেন্ডারের নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রয়েছে সাবেক আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়ার। গোলডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচের মধ্য দিয়েই রেকর্ড আট বারের ব্যালন ডি’অর জয়ী মেসির আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ হওয়ার কথা। এরপর কোচ লিওনেল স্কালোনির অধীনে রোমেরোর নেতৃত্বে নতুন পথচলা শুরু করবে বিশ্বচ্যাম্পিয়নরা।

২৮ বছর বয়সী রোমেরো দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের তৃতীয় অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন। মেসি ও ওতামেন্দির অনুপস্থিতিতে এর আগেও চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে তার হাতে উঠেছিল অধিনায়কের আর্মব্যান্ড।

দলের মধ্যে ঐক্য ধরে রাখা এবং মাঠে জয়ের মানসিকতা অটুট রাখার বিষয়টি বিবেচনায় রোমেরোকেই নেতৃত্বের জন্য এগিয়ে রেখেছেন স্কালোনি। তবে প্রয়োজনে এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো ডি পল ও লাউতারো মার্টিনেজও দলের নেতৃত্বে ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন আর্জেন্টিনার কোচ।

স্পোর্টস সেন্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে রোমেরোর নেতৃত্ব নিয়ে নিজের আস্থার কথা জানান ডি মারিয়া। তিনি বলেন, ‘সে এটি পুরোপুরি প্রাপ্য। স্কালোনি ও কোচিং স্টাফদের সিদ্ধান্তটি দারুণ হয়েছে। একজন ভালো মানুষ হিসেবে সে এই দায়িত্বের যোগ্য। আর্মব্যান্ড পরার মতো দুর্দান্ত মানসিকতা তার আছে এবং আমি নিশ্চিত সে দারুণ করবে।’

নতুন নেতৃত্বের সময়েও জাতীয় দলের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সাবেক এই তারকা। ডি মারিয়া আরও বলেন, ‘আমি আনন্দিত যে মানুষ জাতীয় দলকে সমর্থন করে চলেছে, কারণ তারা ভবিষ্যতেও আমাদের আনন্দ উপহার দেবে।’

৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচে মেসির আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তির পর রোমেরোর নেতৃত্বে নতুন যাত্রা শুরু করার অপেক্ষায় থাকবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।