সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মাত্র ২০ দিরহাম নিয়ে বিরোধের জেরে মিশরীয় রুমমেটের ছুরিকাঘাতে পুলক নাথ (নাম) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ অক্টোবর) মোছাফফা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুলক চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের বাসিন্দা।
পরিবারের অভিযোগ, রুমমেটের চাওয়া ২০ দিরহাম দিতে না চাওয়ায় পুলককে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর পান।
পরিবারের বড় ছেলে পুলক নাথের কাঁধেই ছিল সংসারের দায়িত্ব। বাবার মৃত্যুর পর মা ও ছোট ভাইয়ের ভরণপোষণের দায়িত্ব নেন তিনি। তার ছোট ভাই অলক প্রতিবন্ধিতা নিয়ে জীবনযাপন করছেন। পরিবারের মুখে খাবার তুলে দিতে প্রায় চার বছর আগে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে।
পরিবার সূত্রে জানা গেছে, আবুধাবির মোছাফফা এলাকায় একটি প্রতিষ্ঠানে থাই গ্লাসের কাজ করতেন পুলক। সেখানে মিশরের এক নাগরিকের সাথে একই কক্ষে থাকতেন তিনি। সেই রুমমেটের সাথে ২০ দিরহাম নিয়ে বিরোধ থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পরিবারের দাবি।
পুলকের ছোট ভাই অলক নাথ জানান, মিসরীয় ওই রুমমেট পুলকের কাছে ২০ দিরহাম চেয়েছিলেন। টাকা না দেওয়ায় তার বুকে ছুরি চালানো হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
কান্নাজড়িত কণ্ঠে মা রানী বালা বলেন, “আমার সংসারের একমাত্র আয়ের মানুষ ছিল পুলক। ছোট ছেলেটা প্রতিবন্ধী। পুলকই সংসারটাকে ধরে রেখেছিল। এখন আমাদের কে দেখবে?”
ছেলের হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন রানী বালা। একই সাথে দ্রুত তার লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি।
পুলকের বোন চুমকি দেবী জানান, ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পরপরই দূতাবাসকে বিষয়টি জানানো হয়েছে। লাশ যেন দ্রুত পরিবারের কাছে পৌঁছায়, সে জন্য সরকারের সহায়তা কামনা করেছেন তিনি।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, দূতাবাসের মাধ্যমে লাশ দেশে আনা যাবে। এ বিষয়ে থানার কোনো করণীয় থাকলে তারা সহযোগিতা করবেন।
মাত্র ২০ দিরহাম নিয়ে বিরোধের জেরে প্রবাসে পুলকের এমন মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


