বরগুনার তালতলীতে আন্ধারমানিক নদীর তীরে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি ভেসে এসেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয় লোকজন নদীর তীরে বিশাল আকৃতির তিমিটি দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে জোয়ারের স্রোতে সমুদ্র থেকে মৃত তিমিটি আন্ধারমানিক নদীর তীরে এসে আটকে পড়ে। সকালে স্থানীয়রা নদীর তীরে বিশাল আকৃতির একটি বস্তু দেখতে পেয়ে কাছে যান। পরে সেখানে একটি মৃত তিমি পড়ে থাকতে দেখেন। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে বহু মানুষ তিমিটিকে দেখতে ভিড় জমান।
খবর পেয়ে স্থানীয় বন বিভাগ, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু করেন।
তিমিটির মৃত্যুর কারণ সম্পর্কে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন জানান, সাগর ও নদীর পানির বর্তমান পরিবেশ নিয়ে গবেষণা করা প্রয়োজন। পানির যেকোনো স্তরের সমস্যার কারণে এই সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে সঠিক কারণ জানতে উন্নত গবেষণা দরকার হলেও জেলায় কোনো গবেষণা কেন্দ্র নেই।
বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে বন বিভাগের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বিশাল আকৃতির তিমিটি পচে যাওয়ায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ দূষণ এড়াতে এটিকে দ্রুত মাটিচাপা দেওয়া প্রয়োজন। তবে অতিরিক্ত দুর্গন্ধের কারণে এ মুহূর্তে কোনো শ্রমিক তিমিটির খুব কাছে যেতে পারছেন না।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার জানান, খবর পাওয়ার পর পরই বন বিভাগের একটি প্রতিনিধি দল ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। তবে কালো রঙের এই বিশাল আকৃতির তিমিটি ঠিক কোন প্রজাতির, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


