ঢাকা লকডাউন কর্মসূচি সফল করতে বরগুনায় একাধিক স্থানে মশাল মিছিল ও সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকা যুবলীগের নেতাকর্মীরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বরগুনা সদর ও আমতলীতে মশাল মিছিল এবং বেতাগীতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে ঢাকায় লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে বরগুনায় এসব কর্মসূচি পালন করা হয়।
শনিবার রাত ১০টার দিকে বরগুনা পৌর শহরের ফরমান আলী সড়কে সদর উপজেলা যুবলীগ নেতা রাজিব হাওলাদারের নেতৃত্বে একটি মশাল মিছিল বের করা হয়। এছাড়া আমতলী উপজেলা যুবলীগের আয়োজনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে মশাল মিছিল করা হয়। অন্যদিকে, বেতাগী উপজেলা যুবলীগের আয়োজনে পৌর শহরের কালবাট এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
কেন্দ্রীয় যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বরগুনা জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা ইঞ্জিনিয়ার শামীম খান বলেন, অবৈধ সরকারের ক্যাঙ্গারু কোর্টের অবৈধ রায়ের প্রতিবাদে রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা লকডাউন সফল করার লক্ষ্যে বরগুনা সদর ও আমতলীতে মশাল মিছিল করা হয়েছে। এছাড়া বেতাগী উপজেলায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
তিনি আরও জানান, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে না আসা পর্যন্ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তবে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানিয়েছেন, বরগুনা পৌরসভা এলাকায় কোনো মশাল মিছিল হয়নি। তবে গ্রামের কোনো নিরিবিলি সড়কে তারা মশাল মিছিল করে থাকতে পারেন। কোন এলাকায় হয়েছে, তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।


