...|...|...

বিনোদন

আতিফের কনসার্টে টিকিট কেলেঙ্কারি: তদন্তে ডিবি

আতিফের কনসার্টে টিকিট কেলেঙ্কারি: তদন্তে ডিবি

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, রাত ৩:৫৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৭
Shares
আতিফের কনসার্টে টিকিট কেলেঙ্কারি: তদন্তে ডিবি


ঢাকায় পাকিস্তানি জনপ্রিয় শিল্পী আতিফ আসলামের কনসার্ট বাতিলের পরও টিকিটের টাকা ফেরত না দেওয়ার অভিযোগে আয়োজক প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতাসহ পাঁচজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ব্যারিস্টার আহসান হাবীব ভূঁইয়া প্রতারণার অভিযোগে মামলার আবেদন করেন।  আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়ে গোয়েন্দা পুলিশকে (ডিবি) আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

মামলার আসামি করা হয়েছে আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনক’-এর সহ-প্রতিষ্ঠাতা কাজী রাফসান ও ব্রিতি সাবরিনা খান, চলঘুরি লিমিটেড, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আসিফ ইকবাল এবং চেয়ারম্যান প্রমি ইসলামকে।

মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা প্রয়োজনীয় সরকারি অনুমতি ও নিরাপত্তা নিশ্চিত না করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে টিকিট বিক্রি শুরু করেন।  অভিযোগ অনুযায়ী, গত ১৬ নভেম্বর একটি ফেসবুক পেজে ‘চমকপ্রদ বিজ্ঞাপন’ দিয়ে আতিফ আসলামের ঢাকায় লাইভ কনসার্টে সম্মতির কথা জানানো হয়।  শুরুতে ভেন্যু প্রকাশ না করা হলেও পরে পূর্বাচল নিউ টাউনের আন্তর্জাতিক বাণিজ্যমেলা প্রাঙ্গণে অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেওয়া হয়।  এতে সংবাদটি দ্রুত ভাইরাল হয় এবং টিকিট বিক্রিও বাড়ে।

পরবর্তী সময়ে কনসার্ট না হওয়ায় ভুক্তভোগীরা টাকা ফেরত চান।  অভিযোগে উল্লেখ করা হয়, কিছু ক্ষেত্রে অনলাইনে আংশিক টাকা ফেরত দেওয়া হলেও পরে তা বন্ধ হয়ে যায়।  এক পর্যায়ে কয়েক দফা তারিখ দেওয়ার পর ১২ ডিসেম্বর ফেসবুকে জানানো হয়, সরকার থেকে কনসার্টের অনুমতি নেই এবং আগামী নির্বাচনের পর অনুষ্ঠানটি আয়োজন করা হবে।  এরপর বাদী ৪৮ ঘণ্টার মধ্যে টাকা ফেরত ও ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ দেন; তবে দাবি পূরণ না হওয়ায় তিনি আদালতে মামলা করেন।

বাদীর দাবি, কনসার্ট বাতিলের পরও টিকিট কাটা অনেকের অর্থ ফেরত দেওয়া হয়নি।  মামলায় অন্যান্য স্বাক্ষীদের মোট ৮৬ হাজার ৬৩২ টাকাসহ ভুক্তভোগীদের অর্থ আত্মসাতের অভিযোগ তুলে এটিকে পরিকল্পিত প্রতারণা হিসেবে উল্লেখ করা হয়েছে।