আজ ১৫ নভেম্বর, 'রেল দিবস'। ১৮৬২ সালের এই দিনে চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩ কিলোমিটার ব্রডগেজ রেলপথ চালুর মাধ্যমে এই অঞ্চলে রেলওয়ের যাত্রা শুরু হয়েছিল। সেই হিসাবে আজ বাংলাদেশের রেলওয়ের ১৬৪ বছর পূর্ণ হলো।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।
ব্রিটিশ আমলে তৎকালীন পূর্ববঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে রেলপথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ১৮৬২ সালের ১৫ নভেম্বর দর্শনা-জগতি রুটে প্রথম রেলগাড়ি চলার মধ্য দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ দেশের অন্যতম প্রধান ও সাশ্রয়ী যোগাযোগ মাধ্যমে পরিণত হয়েছে। তবে দীর্ঘ দিন দিবসটি আনুষ্ঠানিকভাবে পালিত না হলেও ২০২০ সাল থেকে প্রতি বছর ১৫ নভেম্বরকে ‘রেল দিবস’ হিসেবে উদযাপন করছে বাংলাদেশ রেলওয়ে।
রেল দিবস উপলক্ষে সকাল থেকেই রাজধানীর রেলভবন ও কমলাপুর রেলওয়ে স্টেশনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং যাত্রীসেবা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এছাড়া যাত্রীদের মাঝে ফুল ও লিফলেট বিতরণের মাধ্যমে নিরাপদ রেল ভ্রমণের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।
বর্তমানে দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় বেশ কিছু মেগা প্রকল্প যুক্ত হওয়ায় সেবার পরিধি বেড়েছে। তবে যাত্রীদের প্রত্যাশা, দিবসটির আনুষ্ঠানিকতার পাশাপাশি টিকিট কালোবাজারি রোধ, শিডিউল বিপর্যয় কমানো এবং যাত্রীসেবার মান আরও উন্নত করার দিকে কর্তৃপক্ষের বিশেষ নজর দেওয়া উচিত।


