জার্মানিতে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটির দূতাবাস।
আগামী বছরের শুরু অর্থাৎ ১ জানুয়ারি ২০২৭ থেকে শিক্ষার্থী ভিসার আবেদন গ্রহণে চালু হচ্ছে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (Auslandsportal)। এই নতুন ব্যবস্থায় আবেদন প্রক্রিয়া আরও গতিশীল হওয়ার পাশাপাশি অ্যাপয়েন্টমেন্টের দীর্ঘ অপেক্ষার সময় কমে আসবে বলে আশা করা হচ্ছে।
জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ দিন দিন বাড়ছে। দুই দেশের শিক্ষাগত ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন এই ডিজিটাল ব্যবস্থার আওতায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। পাশাপাশি ভিএফএসের (VFS) মাধ্যমে প্রাথমিক যাচাইয়ের সুযোগও থাকছে।
অ্যাপয়েন্টমেন্টের দিন বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং নথিপত্র যাচাইয়ের কাজ আরও দ্রুত সম্পন্ন হবে। এছাড়া পোর্টালে লগইন করে আবেদনের সর্বশেষ অগ্রগতিও জানতে পারবেন শিক্ষার্থীরা। প্রয়োজন সাপেক্ষে পরিবারের সদস্যদের সাথে যৌথভাবে আবেদন করার সুযোগও রাখা হয়েছে।
পুরোনো অপেক্ষমাণ তালিকা বাতিল
নতুন এই ডিজিটাল ব্যবস্থা চালুর ফলে আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় অপেক্ষমাণ থাকা আবেদনকারীদেরও নতুন করে আবেদন করতে হবে। অর্থাৎ, আগে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছিলেন, তাদের নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে। দূতাবাস জানিয়েছে, এই পরিবর্তন সাময়িকভাবে কিছু অস্বস্তি তৈরি করলেও সামগ্রিকভাবে ভিসাপ্রক্রিয়া আরও স্বচ্ছ ও সময়সাশ্রয়ী হবে।
আবেদনের নিয়ম
আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে আগ্রহী শিক্ষার্থীরা ([https://digital.diplo.de/] ঠিকানার পোর্টালে গিয়ে নিবন্ধন ও আবেদন করতে পারবেন। এ ছাড়া আবেদনের নিয়মাবলি ও প্রয়োজনীয় নির্দেশিকা জার্মান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে।

