...|...|...

জাতীয়

আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০৫
Shares
আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা নিয়ে আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, মির্জা আব্বাস এখন অনেকটা সুস্থ। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরছেন।

মালয়েশিয়া থেকে তার স্ত্রী আফরোজা আব্বাস বলেন, দেশে ফেরার সব প্রস্তুতি শেষ হয়েছে। আশা করছি, বাংলাদেশ বিমানের ফ্লাইটে রাত সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাব উনাকে নিয়ে। তার শারীরিক অবস্থা অনেকটা ভালো। তবে তাকে চিকিৎসার মধ্যে থাকতে হবে। প্রতিদিন উনাকে থেরাপি দিতে হবে; তার ব্যবস্থাও করা হয়েছে।

তিনি আরও বলেন, উনি দেশে ফেরার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন। গত কয়েক সপ্তাহ ধরে দেশে যাবেন বলে তাগাদা দিচ্ছেন। চিকিৎসকরা তার সব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে দেশে ফেরার অনুমতি দিয়েছেন।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

পরবর্তীতে ১৫ মার্চ তার শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।

এরপর থেকে মালয়েশিয়াতেই চিকিৎসা নিচ্ছিলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। দীর্ঘ চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়ার পর আজ দেশে ফিরছেন তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।