জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার (১২ সেপ্টেম্বর)। কাউন্সিলে সারাদেশ থেকে আসা কাউন্সিলরদের সরাসরি ও গোপন ভোটে সংগঠনটির নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচিত হবে।
কাউন্সিল উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, সারাদেশ থেকে আসা তিন শতাধিক কাউন্সিলর গোপন ব্যালটে কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন।
ছাত্রশক্তির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের বটতলায় ভোট অনুষ্ঠিত হবে।
ভোটের পর একই স্থানে বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আলোচনা সভা হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলের রাজনৈতিক পর্ষদের সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
কাউন্সিল ঘিরে বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শোভাযাত্রা বের করার কর্মসূচি রয়েছে। এরপর সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ব্যান্ড আর্ক হাসান, র্যাপার সেজানসহ বিভিন্ন শিল্পী সংগীত পরিবেশন করবেন।
প্রথম কাউন্সিলকে কেন্দ্র করে দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা ও আশপাশের এলাকায় ছাত্রশক্তির নেতাকর্মীদের উপস্থিতি এবং বিভিন্ন কর্মসূচি থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।


