...|...|...

জাতীয়

আজই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, দুপুর ১:৩৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:৫৪
Shares
আজই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন

ছবি: সংগৃহীত

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ রোববার (২৬ জুলাই) বঙ্গভবন ত্যাগ করতে পারেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে দুপুরের পর তিনি সরকারি বাসভবন ছেড়ে গুলশান-১ এ নিজের ব্যক্তিগত বাসভবনে উঠবেন।

এর আগে, গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পদত্যাগের পর থেকেই তার বঙ্গভবন ত্যাগের প্রস্তুতি শুরু হয়।

এদিকে বঙ্গভবন ছাড়ার পর মো. সাহাবুদ্দিন রাজধানীর গুলশান-১ এলাকার নিজ বাসভবনে উঠবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। গুলশানের ১২৩ নম্বর সড়কের ৪১ নম্বর বাড়িতে তার বসবাসের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাসাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে এবং সেখানে নিরাপত্তাও কিছুটা জোরদার করা হয়েছে।

বঙ্গভবনের একাধিক কর্মকর্তা জানান, সাবেক রাষ্ট্রপতির বিদায়ের সম্ভাব্য সময় হিসেবে দুপুর ১২টার পরের সময় নির্ধারণ করা হয়েছে। তবে তিনি আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ত্যাগ না করা পর্যন্ত বিষয়টি নিশ্চিত করে বলা সম্ভব নয়। নিরাপত্তা সংশ্লিষ্ট সদস্যদেরও সম্ভাব্য বিদায়ের সময়কে সামনে রেখে প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে জানা গেছে।

আইন অনুযায়ী পদত্যাগের পরও সাবেক রাষ্ট্রপতি আরও একমাস বঙ্গভবনে অবস্থান করতে পারতেন। তবে তিনি দ্রুত সরকারি বাসভবন ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি অল্প সময়ের মধ্যেই বঙ্গভবন ছেড়ে দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চিকিৎসার প্রয়োজনে তিনি শিগগিরই বিদেশে যেতে পারেন। এ বিষয়ে তিনি বিভিন্ন সময়ে গণমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন।

মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ত্যাগের পরপরই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ফলে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম নতুন ব্যবস্থাপনায় পরিচালিত হবে।