...|...|...

খেলা

আঙুল ফুটিয়ে ব্যাটে বল লাগার শব্দ, ক্রিকেটার নিষিদ্ধ ২ বছর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ভোর রাত ৪:০৬
Shares
আঙুল ফুটিয়ে ব্যাটে বল লাগার শব্দ, ক্রিকেটার নিষিদ্ধ ২ বছর

ছবি: সংগৃহীত

ক্রিকেট মাঠে প্রতিপক্ষ ব্যাটারকে আউট করতে অভিনব প্রতারণার আশ্রয় নিয়েছিলেন ইংল্যান্ডের অপেশাদার ক্রিকেটার ব্রায়ান ডিভাইন পন্টিং। ব্যাটে বল লাগার শব্দ নকল করে ব্যাটারকে আউট করানোর ঘটনায় তাকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। একই ঘটনায় শাস্তির মুখে পড়েছে তার ক্লাব সল্টবার্নও।

ঘটনাটি গত জুলাই মাসের। ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে সল্টবার্ন দ্বিতীয় একাদশের হয়ে স্লিপে ফিল্ডিং করছিলেন পন্টিং। এ সময় প্রতিপক্ষ নর্টনের ব্যাটার নোমান শাবিরের ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার মুহূর্তে আঙুল ফুটিয়ে ব্যাটে বল লাগার মতো শব্দ তৈরি করেন তিনি।

শব্দ শুনে উইকেটকিপার বলটি ধরে ফেলেন। এরপর সল্টবার্নের খেলোয়াড়েরা আউটের আবেদন করলে আম্পায়ার নোমান শাবিরকে আউট ঘোষণা করেন। তবে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

ভিডিও সামনে আসার পর ঘটনার তদন্তে নামে লিগ কর্তৃপক্ষ। তদন্ত শেষে পন্টিংয়ের পাশাপাশি তার ক্লাবের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীন কোনো ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না পন্টিং। এই নিষেধাজ্ঞার আওতায় খেলোয়াড় হিসেবে মাঠে নামার পাশাপাশি কোচ, আম্পায়ার কিংবা জুনিয়র দলের ম্যানেজার হিসেবেও কাজ করতে পারবেন না তিনি।

শুধু ব্যক্তিগত নিষেধাজ্ঞাতেই শেষ হয়নি শাস্তি। দ্বিতীয় বিভাগ থেকে অবনমন ঘটিয়ে সল্টবার্নকে ২০২৭ মৌসুমে তৃতীয় বিভাগে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লিগ কর্তৃপক্ষ। নতুন মৌসুমে দলটির পয়েন্ট থেকে ৬০ পয়েন্ট কেটে নেওয়া হবে। পাশাপাশি ক্লাবটিকে ৩০০ পাউন্ড জরিমানাও করা হয়েছে।

লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে সল্টবার্নের একাধিক ম্যাচে পন্টিংসহ দলের অন্য সদস্যদের আচরণ নিয়ে অভিযোগ পাওয়া গেছে। যদিও দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শুধু পন্টিংকে, তবে ক্লাবের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

একটি ম্যাচে প্রতিপক্ষ ব্যাটারকে আউট করাতে শব্দ নকলের আশ্রয় নেওয়ার ঘটনা শেষ পর্যন্ত ওই ক্রিকেটারের দীর্ঘ নিষেধাজ্ঞার পাশাপাশি পুরো ক্লাবের অবনমনের কারণ হয়ে দাঁড়িয়েছে।