ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়ে গেছে।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ওষুধশিল্প সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।
তিনি বলেন, “বাংলাদেশে বর্তমানে ৩০৭টি ওষুধ কোম্পানি রয়েছে, যার মধ্যে ২৫০টি সচল। আজ সকাল ১১টা পর্যন্ত শীর্ষস্থানীয় ৩২ কোম্পানি জানিয়েছে, তাদের ২০০ কোটি টাকার বেশি কাঁচামাল পুড়ে গেছে। বাকি কোম্পানিগুলোর হিসাব আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে।”
জাকির হোসেন আরও জানান, “একেকটি ওষুধ উৎপাদনে ১০ থেকে ৫৩টি উপকরণের প্রয়োজন হয়। ফলে এই বিপুল কাঁচামাল নষ্ট হওয়ায় ৩ থেকে ৫ হাজার কোটি টাকার ওষুধ উৎপাদনে ব্যাঘাত ঘটতে পারে। তবে আপাতত সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সমস্যা হবে না।”
তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, “আগুনের সময় কিছু বিমান চট্টগ্রাম বিমানবন্দরে পাঠানো হয়। সেখানে থাকা ওষুধের কাঁচামাল শেষ পর্যন্ত টিকবে কি না, তা নিয়েও শঙ্কা আছে। কারণ ওষুধের কাঁচামাল সংরক্ষণে তাপমাত্রা নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সেখানে নেই।”
এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম জানান, “কার্গো ভিলেজের আগুনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।”
তিনি বলেন, “কার্গো ভিলেজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন শনাক্ত ও প্রতিরোধে কর্তৃপক্ষের চরম ব্যর্থতা দেখা গেছে। এটি শুধু শিল্পখাত নয়, দেশের অর্থনীতির জন্যও বড় আঘাত।”

