জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়িটির পাঁচটি কক্ষ ও দুটি ছাগল পুড়ে গেছে। বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এক আবেগঘন ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমার দাদার বানানো বাড়িঘর, আমাদের বড় হওয়া, এই পুড়ে খাক হওয়া ছাগলের বাচ্চাটার নাম ছিল তারা।
দুর্বৃত্তদের ছারপোকার দল উল্লেখ করে নুসরাত আরও লেখেস, ‘আগুনে পুড়িয়ে উল্লাস করছে। ভেবেছে খুব কষ্ট দিল! যত্তসব লেজ গুটিয়ে পালানো ছারপোকার দল। দেশে থেকেই কিচ্ছু ভয় দেখাতে পারেনি৷ এসব করে কী আর করবে!’
এর আগে, বুধবার রাতেই এক পোস্টে নুসরাত তাবাসসুম নিজেই অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি দাবি করেন, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া জেলা এনসিপি। জেলা এনসিপির সভাপতি জান্নাতুল ফেরদৌস টনি অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদের দোসর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লোকজন এমন ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে এনসিপির সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি।


