পঞ্চগড় সদর উপজেলার বিরাজোত এলাকায় আখ চুরির অভিযোগে এক ভারতীয় নাগরিককে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। রবিবার (৯ আগস্ট) বিকালে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাকে পুলিশে দেওয়া হয়।
আটক ব্যক্তির নাম দীপঙ্কর গোপ (৩৫)। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও বিজিবি জানায়, চা শ্রমিক দীপঙ্কর গোপ শনিবার (৮ আগস্ট) সকালে সদর উপজেলার বিরাজোত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশি আখ ক্ষেতে প্রবেশ করেন। আখ চুরির সময় স্থানীয়রা তাকে আটক করে।
এ সময় তারা গত বুধবার (৫ আগস্ট) সকালে ওই সীমান্ত থেকে বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়া বৃদ্ধ তমিজ উদ্দিনকে (৭৮) ফিরিয়ে দেওয়ার বিনিময়ে দীপঙ্করকে ফেরত দেওয়ার দাবি জানান।
এ নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে একাধিক পতাকা বৈঠক হয়। বৈঠকে সমাধান না হওয়ায় স্থানীয়রা ওই ভারতীয় নাগরিককে বিজিবির হাতে তুলে দেয়। বিকেলে বিজিবি তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


