আগামী স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে অগ্রিম ভুরিভোজের আয়োজনের অভিযোগ উঠেছে বিএনপি নেতা তৈয়বর রহমানের বিরুদ্ধে । তিনি জামালপুরের মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। এ সময় ওই ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফতর সম্পাদককেও ওই আয়োজনে দেখা গেছে।
শনিবার (১০ অক্টোবর) মাহমুদপুর ইউনিয়নের কাজাইকাঠা গ্রামের আইডিয়াল স্কুল মাঠে উঠান বৈঠকের নামে গরু জবাই করে ভুরি ভোজের আয়োজন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বর রহমান মাস্টার। ভোজশেষে আনুষ্ঠানিকভাবে নিজেকে ৩ নং মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন এবং প্রকাশ্যে ভোট চান।
নির্বাচন কমিশন এখনও স্থানীয় সরকার নির্বাচনের কোনো তফসিল ঘোষণা করেনি, এমনকি দল থেকেও কাউকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন বা সমর্থন দেওয়া হয়নি।
ওই উঠান বৈঠকে উপস্থিত হয়ে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক স্থানীয় হাড়গীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিদুল হক মাস্টার।
এ ভুরিভোজে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোক্তার হুসেন তারা, ওই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাসান হায়দার বিদুৎসহ আওয়ামী লীগের একাধিক কর্মী উপস্থিত ছিলেন।
সাজিদুল হক তার বক্তব্যে বলেন, মাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে তৈয়বর রহমান মাস্টারকেই মাননীয় এমপি সমর্থন দিয়েছেন।
এ ঘটনায় বিএনপির দলীয় নেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এদিকে ভুরিভোজের আয়োজন কেবল স্থানীয় সরকার নির্বাচনী আইন ও আচরণবিধির স্পষ্ট লঙ্ঘনই নয়, বরং স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান বাবুলের নাম ভাঙিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সাথে এভাবে বৈঠক করায় সংসদ সদস্যের ব্যক্তিগত ভাবমূর্তি ও বিএনপির তৃণমূলের রাজনীতি নিয়েও সমালোচনা তৈরি হয়েছে।
এসব বিষয়ে জানতে চেয়ে বিএনপি নেতা তৈয়বর রহমানকে একাধিকবার ফোন দিলেও সেটি রিসিভ হয়নি। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও কোনও উত্তর পাওয়া যায়নি।
জানতে চাইলে মেলান্দহের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, এই মুহূর্তে কীসের ভুরিভোজের আয়োজন করেছেন তা জানি না। যেহেতু এখনো ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, সেহেতু এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।


