জুলাই গণ-অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কার্যত বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও অভ্যুত্থানের অন্যতম শীর্ষ নেতা মাহফুজ আলম। মঙ্গলবার (১৯ মে) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই বিস্ফোরক অভিমত ব্যক্ত করেছেন।
পোস্টে মাহফুজ আলম লিখেছেন, ‘লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে। কীভাবে ফিরল, সে গল্পই বলব আজ।’ এর পর আওয়ামী লীগ ঠিক কীভাবে এবং কোন কোন পরিস্থিতির সুযোগ নিয়ে রাজনীতিতে ফিরে এসেছে, তার একটি চুলচেরা দীর্ঘ তালিকা তুলে ধরেছেন তিনি।
মাহফুজ আলম তার পোস্টে লিখেছেন, ‘লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ২৪-কে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তর্বর্তী সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত ১৭ বছরের মজলুমগণ।
মাজারে হামলা এবং সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিরুদ্ধে মজলুমদের নীরবতা আওয়ামী লীগের ফেরার পথ সুগম করেছে উল্লেখ করে তিনি লেখেন, ‘লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন থেকে উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্নমতাবলম্বীদের বের করে দিয়েছে। লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন হিন্দুদের ওপর নিপীড়ন নিয়ে মজলুমগণ চুপ ছিল। লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন সেক্যুলার মূল্যবোধে বিশ্বাসী মানুষজন এ দেশে সরকার প্রযোজিত ডানপন্থার উত্থানে ভয় পেয়েছিল। লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মবস্টারদের এ দেশে হিরো বানানো হয়েছিল, উগ্রবাদীদের সেফ স্পেস দেওয়া হয়েছিল।’
সাবেক এই উপদেষ্টা তার ক্ষোভ প্রকাশ করে বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের সমালোচনাও করেছেন। তার ভাষায়, ‘লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন ব্যবস্থা বিলোপের বদলে ন্যূনতম সংস্কার ও ঐকমত্য কমিশন নাম দিয়ে জনগণকে বিচ্ছিন্ন এবং হতাশ করা হলো। লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন থেকে বিএনপি ও বর্তমান অন্তর্বর্তী সরকারের দূরত্ব তৈরি হলো আর জামায়াতকে কাছে টানা হলো। লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন ছাত্ররা বিপ্লবী সংগঠনে রূপ না নিয়ে লুম্পেন চরিত্রের ক্লাব আর মবে রূপ নিয়েছিল।’
সরকারের আমলাতান্ত্রিক নির্ভরতার তীব্র সমালোচনা করে মাহফুজ আলম লেখেন, ‘লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন মিডিয়া আর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলা প্রযোজিত হলো। লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন অন্তর্বর্তী সরকার পলিটিক্যাল থেকে আমলাতান্ত্রিক হলো এবং আমলানির্ভর কিচেন ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হলো; যে কিচেন ক্যাবিনেটের অধিকাংশ লোকই ছিল জামায়াত-বিএনপি বা লীগের ছুপা দালাল। যাদের কাছে জুলাই মানে ছিল নিজেদের পরিবার, প্রজন্ম আর প্রতিষ্ঠানের স্বার্থরক্ষা।’
পোস্টের শেষাংশে জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত বুদ্ধিজীবীদের অবমূল্যায়ন এবং নির্বাচনী ভাগাভাগির সমালোচনা করে তিনি লিখেছেন, ‘লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন এ দেশে কাওয়ালি বা ইনকিলাবি কালচারের মতন রিগ্রেসিভ কালচার-ব্যবস্থা দিয়ে বাঙালি জাতীয়তাবাদ মোকাবেলার মহারম্ভ হয়েছিল। লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন নির্বাচনী বাঁটোয়ারার মাধ্যমে সংস্কার ও বিচারকে কম্প্রোমাইজ করা হলো। লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন কমিশন, ট্রাইব্যুনাল, বিশ্ববিদ্যালয় ইত্যাদিকে একটি আদর্শের লোকদের মাধ্যমে ক্ষমতারোহণের টুলে পরিণত করা হলো।’
মাহফুজ আলম হুশিয়ারি দিয়ে লেখেন, ‘লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন কালচারালি-ইন্টেলেকচুয়ালি যারা জুলাইয়ে আমাদের পক্ষে দাঁড়িয়েছিল, তাদের বাদ দিয়ে জিরো কন্ট্রিবিউশন গুপ্তদের ক্ষমাতিকৃত করা হলো।’ এই তালিকা সামনে আরও বাড়বে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

