প্রযুক্তিপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স দামও প্রকাশ করেছে অ্যাপল।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় ৯ সেপ্টেম্বর দুপুর ১টা ও বাংলাদেশের স্থানীয় সময় রাত ১১টায় ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ অনুষ্ঠানের মাধ্যমে দাম প্রকশ করা হয়।
গত বছর বাজারে আসা আইফোন ১৭ প্রো সিরিজের তুলনায় নতুন মডেল দুটিতে হার্ডওয়্যারে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে নতুন চিপ, মডেম, ব্যাটারি এবং ক্যামেরা প্রযুক্তি।
নতুন আইফোন ১৮ প্রো সিরিজে অ্যাপলের সর্বশেষ প্রজন্মের এ২০ প্রো চিপ ব্যবহার করা হয়েছে। এর সাথে রয়েছে অ্যাপলের নিজস্ব তৈরি নতুন সি২ মডেম।
অ্যাপলের দাবি, একবার পুরো চার্জ দিলে আইফোন ১৮ প্রো সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। বড় আকারের আইফোন ১৮ প্রো ম্যাক্সে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে সর্বোচ্চ ৩০ ঘণ্টা। নতুন দুটি মডেল কালো, রুপালি, আকাশি নীল এবং নতুন বারগান্ডি রঙে পাওয়া যাবে।
আইফোন ১৮ প্রোতে রয়েছে ৬ দশমিক ৩ ইঞ্চির ডিসপ্লে।
অ্যাপলের তথ্য অনুযায়ী, এই মডেলে সর্বোচ্চ ৩৪ ঘণ্টা পর্যন্ত ভিডিও চালানো যাবে। ফোনটি চার ধরনের স্টোরেজে পাওয়া যাবে। এগুলো হলো ২৫৬ গিগাবাইট, ৫১২ গিগাবাইট, ১ টেরাবাইট এবং ২ টেরাবাইট। অন্যদিকে আইফোন ১৮ প্রো ম্যাক্সে রয়েছে ৬ দশমিক ৯ ইঞ্চির বড় ডিসপ্লে। এই মডেলে সর্বোচ্চ ৪৩ ঘণ্টা পর্যন্ত ভিডিও চালানো যাবে। প্রো ম্যাক্স মডেলটিও ২৫৬ গিগাবাইট, ৫১২ গিগাবাইট, ১ টেরাবাইট এবং ২ টেরাবাইট স্টোরেজে পাওয়া যাবে।
আইফোন ১৮ প্রো সিরিজের বড় পরিবর্তনগুলোর একটি হলো ক্যামেরা। নতুন মডেল দুটিতে ৪৮ মেগাপিক্সেলের ফিউশন প্রধান ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরায় প্রথমবারের মতো শারীরিকভাবে পরিবর্তন করা যায় এমন অ্যাপারচার দেওয়া হয়েছে। এর ফলে ছবি তোলার সময় ব্যবহারকারী ছবির গভীরতা এবং কম আলোতে ছবি তোলার ক্ষেত্রে আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন। অ্যাপারচার মূলত ক্যামেরার লেন্সের ভেতর দিয়ে কতটা আলো প্রবেশ করবে, তা নিয়ন্ত্রণ করে। নতুন প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী এটি পরিবর্তন করতে পারবেন। তবে চাইলে এই কাজ ফোন নিজেও করতে পারবে। আলো কতটা আছে এবং ছবিতে কতটা গভীরতা প্রয়োজন, তা দেখে আইফোন স্বয়ংক্রিয়ভাবে অ্যাপারচার ঠিক করে নিতে পারবে।অ্যাপল জানিয়েছে, এই প্রযুক্তি তৈরিতে মানুষের চুলের চেয়েও পাতলা লেজার দিয়ে কাটা যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে।
ভারতের বাজারে আইফোন ১৮ প্রোর দাম শুরু হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ৯০০ রুপি বা প্রায় ২ লাখ ১৩ হাজার বাংলাদেশি টাকা থেকে। আর আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম শুরু হচ্ছে ১ লাখ ৭৯ হাজার ৯০০ রুপি বা ২ লাখ ৩৩ হাজার বাংলাদেশি টাকা থেকে। দুটি মডেলই চার ধরনের স্টোরেজে পাওয়া যাবে।
আইফোন ১৮ প্রোর দাম
- ২৫৬ গিগাবাইট : প্রায় ২ লাখ ১৩ হাজার টাকা
- ৫১২ গিগাবাইট : প্রায় ২ লাখ ৪৫ হাজার টাকা
- ১ টেরাবাইট : প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা
- ২ টেরাবাইট : প্রায় ৪ লাখ ৭ হাজার টাকা
আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম
- ২৫৬ গিগাবাইট : প্রায় ২ লাখ ৩৩ হাজার টাকা
- ৫১২ গিগাবাইট : প্রায় ২ লাখ ৬৫ হাজার টাকা
- ১ টেরাবাইট : প্রায় ৩ লাখ ৮৯ হাজার টাকা
- ২ টেরাবাইট : প্রায় ৪ লাখ ২৬ হজাজর টাকা
নতুন আইফোনের প্রি-অর্ডার শুরু হবে ১২ সেপ্টেম্বর, বিক্রি ১৮ সেপ্টেম্বর থেকে। যুক্তরাষ্ট্রে ২৫৬ জিবির আইফোন ১৮ প্রোর দাম ১ হাজার ১৯৯ ডলার (প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা) এবং প্রো ম্যাক্সের দাম ১ হাজার ২৯৯ ডলার (প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা)। কিস্তিতেও ফোন কেনার সুযোগ থাকছে। নতুন চিপ, উন্নত ব্যাটারি, বড় স্টোরেজ ও পরিবর্তনযোগ্য অ্যাপারচারযুক্ত ক্যামেরাসহ বেশ কিছু আপগ্রেড নিয়ে এসেছে নতুন সিরিজ

