দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সাথে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে মাঠপর্যায়ে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করতে বলেছেন তিনি।
রবিবার (২৯ নভেম্বর) সকালে পুলিশ সদর দফতরে অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন আইজিপি।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ।
আইজিপি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এ জন্য মাঠপর্যায়ে পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়াতে হবে। পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সাথে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন পুলিশপ্রধান। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে এ কার্যক্রমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার নির্দেশ দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রসঙ্গে আইজিপি বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে। এসব তথ্যে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। প্রয়োজনে নিতে হবে আইনানুগ ব্যবস্থা।
এ ছাড়া মামলার তদন্তের গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে থানায় দায়ের হওয়া প্রতিটি মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডিওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেন। বিশেষ করে অপমৃত্যু মামলার তদন্তে আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি মুলতবি গ্রেফতারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্ত করা ও তামিলের হার বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ, অপহরণ, পুলিশের ওপর হামলা, মুলতবি গ্রেফতারি পরোয়ানা, মামলার তদন্ত ও বিচারের ফলাফল এবং সাজার হার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের কর্মকর্তা, মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ সদর দফতর প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


