...|...|...

সারাদেশ

আইজিপির সফরের মাঝেই যুবদল নেতাকে গুলি

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, দুপুর ১:৪৯
Shares
আইজিপির সফরের মাঝেই যুবদল নেতাকে গুলি

গুলিবিদ্ধ যুবদল নেতা রামিম বিশ্বাস। ছবি: টাইমস টুডে

খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে একই দিন খুলনায় পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সফর চলছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামিম বিশ্বাস ভ্যানে করে কোলাবাজারের দিকে যাচ্ছিলেন। পথে পারহাজী গ্রামের আইনাল মোল্লার বাড়ির সামনে প্রধান সড়কে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পিঠের ডান পাশে গুলি লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের ৯ ও ১০ নম্বর সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছিল বলে জানা গেছে।

আহত রামিম বিশ্বাস পারহাজী গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে। তিনি মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ বিল্লাল মোল্লা।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস টাইমস টুডেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এদিকে গত ২২ অক্টোবর খুলনা নগরীতে পৃথক ঘটনায় দুজন নিহত হন। ওই দিন ভোরে পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল ইসলাম তুষার (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যায় লবণচরা থানার জিন্নাপাড়া বউবাজার এলাকায় খুশি বেগম (২৫) নামে এক নারীকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।

খুলনায় ধারাবাহিক এসব সহিংস ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তেরখাদায় রামিম বিশ্বাসকে গুলি করার পেছনে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।