...|...|...

বিশ্ব

অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুতে ২৫ বছরে ৩ কোটি ৯০ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৬
Shares
অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুতে ২৫ বছরে ৩ কোটি ৯০ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা

ছবি: সংগৃহীত

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের (এএমআর) কারণে আগামী ২৫ বছরে বিশ্বজুড়ে ৩ কোটি ৯০ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির আশঙ্কা, ওষুধ প্রতিরোধী জীবাণুর বিস্তার সাধারণ অস্ত্রোপচার ও সন্তান জন্মদানকেও প্রাণঘাতী করে তুলতে পারে।

সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, সোমবার (১৬ নভেম্বর) জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, সংক্রমণ প্রতিরোধ, রোগ নির্ণয় এবং অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহারে অগ্রগতি বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যথেষ্ট দ্রুত হচ্ছে না।

ডব্লিউএইচওর এএমআর বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জ্যঁ-পিয়ের নিয়েমাজি বলেন, অ্যান্টিবায়োটিক প্রতিরোধসহ সামগ্রিকভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স আধুনিক চিকিৎসাব্যবস্থার ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। ভার্চ্যুয়াল সম্মেলনে তিনি বলেন, করোনাভাইরাসের মতো দৃশ্যমান না হলেও ওষুধ প্রতিরোধী সংক্রমণে বছরের পর বছর মানুষ প্রাণ হারাচ্ছে।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২১ সালেই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সরাসরি ১০ লাখের বেশি মানুষের মৃত্যুর কারণ হয়েছে। এ ছাড়া প্রায় ৪৭ লাখ মানুষের মৃত্যুর সঙ্গে এর সংশ্লিষ্টতা ছিল।

এএমআর মোকাবিলায় ১৮৩টি দেশের অগ্রগতি পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছর প্রায় ১০টির মধ্যে ৯টি দেশের এ বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনা রয়েছে। ২০১৭ সালে এ সংখ্যা ছিল প্রায় ১০টির মধ্যে ৪টি। তবে ডব্লিউএইচওর কর্মকর্তা প্রভাশা প্রকাশ জানান, মাত্র ৪২টি দেশের পরিকল্পনায় অর্থায়ন, বাস্তবায়ন ও নজরদারির ব্যবস্থা রয়েছে।

সংস্থাটির সর্বশেষ বৈশ্বিক নজরদারি তথ্য বলছে, ২০২৩ সালে পরীক্ষাগারে শনাক্ত হওয়া প্রতি ছয়টি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের একটিতে ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা পাওয়া গেছে। ডব্লিউএইচওর এএমআর নজরদারি বিভাগের প্রধান সিলভিয়া বের্তানিওলো বলেন, পরীক্ষা ছাড়া চিকিৎসকদের সংক্রমণের কারণ কিংবা কোন অ্যান্টিবায়োটিক কার্যকর হবে, তা না জেনেই চিকিৎসা দিতে হয়।

এ পরিস্থিতি মোকাবিলায় রোগ নির্ণয়ের সক্ষমতা বাড়াতে দুটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে ডব্লিউএইচও। এর একটি হলো স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরে কী ধরনের পরীক্ষা থাকা প্রয়োজন, তার নির্দেশনা। অন্যটিতে নমুনা সংগ্রহ থেকে শুরু করে জীবাণু শনাক্তকরণ ও অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা পরীক্ষাসহ ৭৩টি পরীক্ষাগার পদ্ধতি সংকলন করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, সংক্রমণ প্রতিরোধ, টিকাদান, নিরাপদ পানি ও স্যানিটেশনের উন্নয়ন এবং অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের যথাযথ ব্যবহার এ সংকট মোকাবিলার প্রধান উপায়।