অস্ট্রেলিয়ার সাবক্লাস ৪০৭ ট্রেনিং ভিসার আবেদন প্রক্রিয়ায় আগামী ১২ নভেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে। নতুন এই নির্দেশিকা অনুযায়ী, ভিসার আবেদন করার সময় এবং চূড়ান্তভাবে ভিসা মঞ্জুরের সময়—উভয় ক্ষেত্রেই আবেদনকারীকে অবশ্যই অস্ট্রেলিয়ার বাইরে অবস্থান করতে হবে। দেশটির স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, অস্ট্রেলিয়ার ভেতরে অবস্থান করে আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে।
স্বরাষ্ট্র দফতরের ঘোষণা অনুযায়ী, অস্ট্রেলিয়ায় অবস্থানরত কেউ ৪০৭ ভিসার জন্য আবেদন করতে চাইলে তাকে আগে দেশ ছাড়তে হবে। এরপর বাইরে থেকে অনলাইনে আবেদন জমা দিতে হবে। প্রক্রিয়া চলাকালীন অন্য কোনো বৈধ ভিসায় অস্ট্রেলিয়ায় প্রবেশ করা গেলেও, ভিসা অনুমোদনের সময় আবেদনকারীকে দেশের বাইরে থাকতেই হবে। এছাড়া বিদেশ থেকে করা এসব আবেদনের বিপরীতে কোনো অন্তর্বর্তীকালীন ভিসা দেওয়া হবে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন বাতিল হলে তা পুনর্বিবেচনার সুযোগ নেই। তাই দেশ ছাড়ার আগে বর্তমান ভিসার মেয়াদ, স্পনসরের অনুমোদন এবং প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে আগামী ১২ নভেম্বরের আগে যারা বৈধভাবে আবেদন জমা দিয়েছেন, তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
সাবক্লাস ৪০৭ মূলত একটি অস্থায়ী প্রশিক্ষণ ভিসা, যার মাধ্যমে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ দুই বছর পর্যন্ত পেশাগত দক্ষতা ও প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে। সাধারণ চাকরির জন্য এই ভিসা দেওয়া হয় না। বাংলাদেশিদের জন্য আলাদা কোনো নিষেধাজ্ঞা না থাকলেও, প্রয়োজনীয় যোগ্যতা ও স্পনসর পেলে যেকোনো দেশের নাগরিকের মতো বাংলাদেশিরাও এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।

