কাতারে চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে হতাশাজনক শুরু হয়েছে আর্জেন্টিনার। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে দলটি। শেষ ষোলোতে (রাউন্ড অব ৩২) জায়গা করে নিতে হলে বাকি দুই ম্যাচে ভালো ফলের পাশাপাশি গ্রুপের অন্য দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে ডিয়েগো প্লাসেন্তের শিষ্যদের।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেললেও একাধিক গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। বিপরীতে রক্ষণ সামলে পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখে অস্ট্রেলিয়া। টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ম্যাচের শুরুতেই দুর্ভাগ্যের শিকার হয় আর্জেন্টিনা। আকোল আকনের নেওয়া শট ডিফেন্ডার আলভারো গুইচের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। এতে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। পরে আকোল আকন নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচের শেষ দিকে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে আর্জেন্টিনার জন্য। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা বেনহামিন ভায়েহো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
এই হারে গ্রুপ পর্বে টিকে থাকার লড়াই কঠিন হয়ে গেল আর্জেন্টিনার। তাদের সামনে এখন প্রতিপক্ষ মোজাম্বিক ও ডেনমার্ক। পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে দুই ম্যাচেই পয়েন্ট পাওয়ার বিকল্প নেই দলটির।
বাকি দুই ম্যাচে জয় পেলে আর্জেন্টিনার পয়েন্ট হবে ৬। তবে তাতেও পরের পর্ব নিশ্চিত হবে না। কারণ, গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করতে হবে তাদের। এমনকি অস্ট্রেলিয়া ও ডেনমার্কের সঙ্গে তিন দলের পয়েন্ট সমান ৬ হওয়ার সম্ভাবনাও রয়েছে। সে ক্ষেত্রে গোল ব্যবধানসহ পরবর্তী নির্ধারক হিসাবগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
অন্যদিকে একটি জয় ও একটি ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট দাঁড়াবে ৪। তাতেও গ্রুপের শীর্ষ দুই দলের একটি হিসেবে কিংবা সেরা তৃতীয় দলগুলোর মধ্যে থেকে পরের পর্বে যাওয়ার সুযোগ থাকবে। তবে চার পয়েন্ট পেলেই নকআউট পর্ব নিশ্চিত হবে, এমন নিশ্চয়তা নেই।
ঘুরে দাঁড়ানোর প্রথম সুযোগ আগামী রবিবার। ওই দিন মোজাম্বিকের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর আগামী বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ডেনমার্ক। বিশ্বকাপে টিকে থাকতে এই দুই ম্যাচই এখন দলটির জন্য গুরুত্বপূর্ণ।


