...|...|...

রাজনীতি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, রাত ১০:৪৯
Shares
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ছবি: সংগৃহীত

রক্তশূন্যতা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বুধবার (২১ অক্টোবর) সকালে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালের একটি কেবিনে তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার কারণে তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন জানান, গত কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন মন্ত্রী। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায়ও অংশ নেন তিনি। এরপর বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

নাজমুল হক ডিকেন আরও জানান, ভূমিমন্ত্রী তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। সেখানে চিকিৎসা শেষে দেশে ফেরেন।

এদিকে, বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চান ভূমিমন্ত্রী। পোস্টে তিনি লেখেন, আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।