...|...|...

সারাদেশ

অবৈধ সংযোগে ১৪ মাস বিদ্যুৎ ব্যবহার, যুবদল নেতাকে ২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, শেরপুর
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৪১
Shares
অবৈধ সংযোগে ১৪ মাস বিদ্যুৎ ব্যবহার, যুবদল নেতাকে ২ লাখ টাকা জরিমানা

যুবদল নেতা রুকনুজ্জামান রুকন। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। একই ঘটনায় তার বিরুদ্ধে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নালিতাবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেন।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারে নিজের ব্যাবসাপ্রতিষ্ঠানের জন্য রুকনুজ্জামান রুকন একটি প্রিপেইড মিটারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ নিয়েছিলেন। তবে গত প্রায় ১৪ মাস ধরে ওই মিটারে কোনো রিচার্জ না হওয়ায় বিষয়টি বিদ্যুৎ কর্তৃপক্ষের নজরে আসে।

পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা সংযোগটি সরেজমিন পরিদর্শনে যান। বিদ্যুৎ বিভাগের দাবি, পরিদর্শনের সময় বৈধ প্রিপেইড মিটারের পাশাপাশি গোপনে নেওয়া একটি অননুমোদিত সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

পরিদর্শনের সময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে রুকনুজ্জামান রুকন অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

নালিতাবাড়ী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, অনিয়ম ও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে গত রবিবার (২৭ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়। পাশাপাশি ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে রুকনুজ্জামান রুকন টাইমস টুডেকে বলেন, সামান্য ভুলের জন্য যদি বিদ্যুৎ বিভাগ এত বড় জরিমানা করতে পারে, আমি যদি তাদের বিরুদ্ধে কিছু বলি, ভবিষ্যতে বিদ্যুতের কারণে আমার অফিস বন্ধসহ বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।