...|...|...

রাজধানী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, রাত ২:৩৩ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, রাত ২:৩৪
Shares
অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত।

রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের ভেতরে নির্মাণাধীন একটি ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে নিয়ে ক্লাবে প্রবেশ করেন মোশাররফ হোসেন। পরে মেয়েকে সুইমিংপুলে রেখে তিনি নির্মাণাধীন ভবনের ভেতরে যান। প্রায় এক ঘণ্টা পর ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে তার মরদেহ পাওয়া যায়।

মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি পরিবার নিয়ে রাজধানীর বনানীর একটি বাড়িতে বসবাস করতেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফেরার পর মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন করা হবে।

এ বিষয়ে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, সকালে ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবের সুইমিংপুলে যান মোশাররফ হোসেন। তিনি চোখে কম দেখতেন। নির্মাণাধীন ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে যান তিনি।

পুলিশ কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থলে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্তে অনিচ্ছা প্রকাশ করায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।