রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার কোচ চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠকের পর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
বৈঠকে রাজধানীর যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস ও পার্কিং ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ কমাতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়। এ জন্য একটি বিশেষ অ্যাপ তৈরির উদ্যোগ নেওয়া হবে। আগামী চার মাসের মধ্যে অ্যাপ উন্নয়নের কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের যানজট নিরসন, রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর এবং প্রয়োজনীয় জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থায়ী বাস টার্মিনাল নির্মাণের আগে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে আগামী চার মাসের মধ্যে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। পাশাপাশি গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ, কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তর, সচিবালয়ের আশপাশে পার্কিং সুবিধা উন্নয়ন এবং অটোরিকশা চলাচলে পৃথক নীতিমালা প্রণয়নের বিষয়েও আলোচনা হয়।


