অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনের ফেসবুক পেজে শুক্রবার (৬ নভেম্বর) রাতে প্রকাশিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জাগো নিউজকে বলেন, সালিশ কমিটির সিদ্ধান্ত ও পরবর্তী পরিস্থিতি বিবেচনায় তানজিন তিশার সদস্যপদ স্থগিত করা হয়েছে।
রাশেদ মামুন অপু জানান, অভিনয়শিল্পীদের পারস্পরিক দ্বন্দ্ব নিরসনে সংগঠনের একটি স্বাধীন ও স্বতন্ত্র সালিশ কমিটি রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট দুই পক্ষকে সালিশের জন্য ডাকা হয়। সেখানে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রথমত, তাদের কাছে ক্ষমা চেয়ে বিবৃতি দিতে হবে এবং দ্বিতীয়ত, একটি ভিডিও বার্তা পাঠাতে হবে।
তবে সালিশ কমিটির দেওয়া কোনো সিদ্ধান্তই তারা বাস্তবায়ন করেননি। পরপর দুটি চিঠি পাঠানো হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। এমনকি ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। দীর্ঘ অপেক্ষার পর সালিশ কমিটি তানজিন তিশার সদস্যপদ বাতিলের সুপারিশ করে। পরবর্তী সময়ে কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে তার সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আরও বলেন, কর্মস্থল ও কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে অভিনয়শিল্পী সংঘ সব সময় সচেষ্ট। একই পরিবারের সদস্য হিসেবে শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও ভালোবাসা অটুট রাখার প্রত্যাশা করেন তারা।
এদিকে, গত ৪ অক্টোবর তানজিন নাহার তিশার কাছে পাঠানো চিঠিতে সদস্যপদ স্থগিতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ৭ জুলাই তানজিন তিশাকে সদস্যপদ স্থগিতের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। তবে ওই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি সংগঠনের কার্যালয়ে কোনো লিখিত জবাব জমা দেননি।
সালিশ বা বিবাদ মীমাংসাকরণ বৈঠকে গৃহীত সিদ্ধান্ত এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তাঁর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়।

