...|...|...

ধর্ম

অজু ছাড়া মোবাইল স্ক্রিনে কোরআনের আয়াত স্পর্শ করা যাবে?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, দুপুর ১:০৯
Shares
অজু ছাড়া মোবাইল স্ক্রিনে কোরআনের আয়াত স্পর্শ করা যাবে?

ছবি: সংগৃহীত

প্রযুক্তির সহজলভ্যতায় এখন মোবাইল ফোন ও কম্পিউটারের মাধ্যমে সহজেই পবিত্র কোরআন তেলাওয়াত করা যায়। তবে অজু ছাড়া মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠা কোরআনের আয়াত স্পর্শ করা যাবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে ইসলামি বিশেষজ্ঞদের মধ্যে একাধিক মত রয়েছে।

ইসলামে পবিত্র কোরআন তেলাওয়াতের বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মহান আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর তেলাওয়াত করল, তার বিনিময়ে সে একটি সওয়াব পাবে। আর একটি নেকির বদলা হবে দশগুণ।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৯১০)

বর্তমানে অনেকে মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে কোরআন তেলাওয়াত করেন। ইসলামি বিধান অনুযায়ী, ডিজিটাল ডিভাইসে কোরআনের আয়াত দেখে তেলাওয়াত করার ক্ষেত্রে অজু থাকা আবশ্যক নয়। তবে গোসল ফরজ হলে কোরআন তেলাওয়াতের বিষয়ে আলাদা বিধান রয়েছে।

পবিত্র কোরআন স্পর্শ করার ক্ষেত্রে অজু থাকা নিয়ে ইসলামি শরিয়তে বিশেষ নির্দেশনা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘পবিত্ররা ছাড়া অন্য কেউ তা স্পর্শ করবে না।’ (সুরা ওয়াকিয়া, আয়াত: ৭৯)

এ ছাড়া রাসুলুল্লাহ (সা.)-এর নামে বর্ণিত একটি নির্দেশনায় বলা হয়েছে, ‘পবিত্র হওয়া ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না।’ (মুয়াত্তা মালিক, হাদিস: ৬৮০)

এসব দলিলের ভিত্তিতে অনেক ইসলামি বিশেষজ্ঞের মতে, মোবাইলের স্ক্রিনে কোরআনের আয়াত দৃশ্যমান থাকা অবস্থায় অজু ছাড়া সরাসরি আয়াতের ওপর আঙুল দিয়ে স্পর্শ করা উচিত নয়। তবে স্ক্রিনের যে অংশে কোনো আয়াত নেই, সেখানে স্পর্শ করে তেলাওয়াত করা যাবে।

মোবাইলের স্ক্রিনে কোরআনের আয়াত দৃশ্যমান থাকলে অজু ছাড়া আয়াতের ওপর স্পর্শ করা যাবে না। প্রয়োজনে স্ক্রিনের পাশের খালি জায়গায় আঙুল দেওয়া যেতে পারে। ফতোয়াটিতে আরও বলা হয়েছে, টাচস্ক্রিনের কাচ বা প্লাস্টিকের আবরণ মূল স্ক্রিনের সঙ্গে অবিচ্ছিন্নভাবে যুক্ত থাকায় আয়াতের ওপর স্পর্শের ক্ষেত্রে শুধু আবরণে হাত দেওয়ার যুক্তি গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে আলবাহরুর রায়েক (খণ্ড ১, পৃষ্ঠা ২০১) ও রদ্দুল মুহতার (খণ্ড ১, পৃষ্ঠা ১৭৩) গ্রন্থের উদ্ধৃতিও দেওয়া হয়েছে।

অন্যদিকে, মুফতি তকি উসমানিসহ সমকালীন কোনো কোনো আলেমের মতে, কাগজে ছাপা কোরআনের অক্ষরের সঙ্গে মোবাইলের স্ক্রিনে প্রদর্শিত অক্ষরের প্রকৃতিগত পার্থক্য রয়েছে। মোবাইলের স্ক্রিনে কোরআনের অক্ষর স্থায়ীভাবে মুদ্রিত থাকে না; বরং আলোকরশ্মির মাধ্যমে তা দৃশ্যমান হয়। এ ছাড়া স্ক্রিনের ওপর কাচের আবরণ থাকে। এ বিবেচনায় তাদের মতে, অজু ছাড়া মোবাইলের স্ক্রিনে প্রদর্শিত কোরআনের আয়াত স্পর্শ করা জায়েজ।

শায়খ সালেহ আল-মুনাজ্জিদের আল-ইসলাম, সওয়াল-জওয়াব ওয়েবসাইটে প্রকাশিত একটি ফতোয়াতেও এ বিষয়ে একই ধরনের মত পাওয়া যায়।

মোবাইল স্ক্রিনে কোরআনের আয়াত স্পর্শ করার বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। একদল আলেমের মতে, অজু ছাড়া আয়াতের ওপর স্পর্শ করা যাবে না। অন্যদিকে, কিছু সমকালীন আলেম ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত আয়াতকে ছাপা কোরআনের অক্ষরের মতো গণ্য করেন না। তাই এ বিষয়ে নিজের অনুসৃত মাজহাব বা বিশ্বস্ত আলেমের নির্দেশনা অনুযায়ী আমল করাই উত্তম।