...|...|...

অর্থনীতি

অক্টোবরের ১০ দিনে এলো ১২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, রাত ৯:০৮ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬, রাত ৯:৩৯
Shares
অক্টোবরের ১০ দিনে এলো ১২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

ছবি: সংগৃহীত

চলতি অক্টোবর মাসের প্রথম ১০ দিনেই দেশে ৯৯ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার ১৭৭ কোটি টাকা।

রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত সময়ে এই রেমিট্যান্স দেশে পৌঁছায়। এর মধ্যে কেবল ৮ থেকে ১০ অক্টোবর—এই তিন দিনেই এসেছে ২১ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৯৪ কোটি ৪০ লাখ ডলার।

সবমিলিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৫৮ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিলো ৮৫৩ কোটি ডলার। সেই হিসাবে বছরের ব্যবধানে প্রবাসী আয়ে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৩ শতাংশ।

এর আগে, সেপ্টেম্বর মাসে মোট ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৮৫৯ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল।